২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোর প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার্থীকে মারধর ‘ছাত্রলীগের’

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তির মৌখিক পরীক্ষা চলাকালে এক শিক্ষার্থীকে শিক্ষকের কক্ষ থেকে বের করে পিটিয়ে জখমের অভিযোগ উঠেছে ছাত্রলীগকর্মীদের বিরুদ্ধে।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2017, 06:44 PM

Updated : 11 Oct 2022, 01:15 PM

সোমবার বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অন্তর দে শুভকে মারধর করা হয়। শুভ নিজেও একজন ছাত্রলীগ নেতা। তাকে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুভ যশোর পৌর ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য বলে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুল জানান।

হামলাকারীদের মধ্যে দুবছর আগে এ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী হত্যা মামলার আসামিও রয়েছে বলে শুভর বাবা বাবা রতন দে-এর অভিযোগ।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুভ অপেক্ষমান তালিকা থেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পায়। দুপুরে শারীরিক শিক্ষা বিভাগের মৌখিক পরীক্ষা চলার সময় ডিন নাসিম রেজার কক্ষ থেকে শুভকে ‘টেনে-হিঁচড়ে’ বের করে পেটানো হয়।

তিনি অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শামীম হাসান এখানে শুভকে ভর্তি না হতে হুমকি দিয়েছিল। শামীমের হুমকির পরও শুভ ভর্তি হতে গেলে তার উপর এ হামলা চালানো হয়।

“শুভকে হুমকির বিষয়ে বিশ্ববিদ্যালয়ে ভিসি ও শারীরিক শিক্ষা বিভাগের ডিনসহ যশোর কোতয়ালি থানার ওসির কাছে জানানো হয়েছছিল। কিন্তু শেষ পর্যন্ত আমার ছেলেকে হাসপাতালে ভর্তি হতে হলো।”

শুভকে হুমকির বিষয়ে জানতে শামীম হাসানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।   

আর ওসির ভাষ্য, যেহেতু বিষয়টি বিশ্ববিদ্যালয়ের, তাই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মাধ্যমে শুভকে অভিযোগ করতে বলা হয়েছিল।

হাসপাতালে চিকিৎসাধীন শুভ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দলীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের শামীম তাকে ভর্তি হতে মানা করেছিলেন।

“অথচ ২০১৪ সালের ১৪ জুলাই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগকর্মী নাজমুল ইসলাম রিয়াদ হত্যা মামলার আসামি হয়ে শামীম বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হলেও বিশ্ববিদ্যালযের শহীদ মশিউর রহমান হলে থাকে সে।”

শুভ বলেন, সকালে মৌখিক পরীক্ষা চলার সময় শামীমেরে নেতেৃত্বে হল শাখা ছাত্রলীগের সভাপতি শান্ত, সাধারণ সম্পাদক সাব্বির ও তানভিরসহ কয়েকজন তাকে মারধর করে।

এ বিষয়ে জানতে চাইলে শান্ত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শুভ একজন ইয়াবা বিক্রেতা। সে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলে পরিবেশ নষ্ট হতো, তাই প্রতিহত করা হয়েছে।”

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আব্দুস সাত্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এমন ঘটনা ঘটতে পারে তা ভাবতে পারিনি। বিশ্ববিদ্যালয়ের আট বছরের ইতিহাসে শিক্ষকের কক্ষে ঢুকে হামলার এমন ঘটনা ঘটেনি।”

মারধরের সময় শুভকে রক্ষা করতে গিয়ে ৩/৪ জন শিক্ষক আহত হয়েছেন বলে জানান তিনি।

তিনি বলেন, “বিশ্ববিদ্যালয়ে বহিরাগত কেউ নেই। এ ঘটনার পর ক্যাম্পাসে শিক্ষকরা তাদের জানমালের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন।”

বিষয়টি লিখিতভাবে স্থানীয় প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলকে জানানো হয়েছে বলে জানান তিনি।

২০১৪ সালে ১৪ জুলাই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হামলায় খুন হন ছাত্রলীগকর্মী নাজমুল ইসলাম রিয়াদ। ওই ঘটনায় কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সুব্রত বিশ্বাস ও সাধারণ সম্পাদক শামীম হাসানসহ চারজনকে বহিষ্কার করে। অন্য দুইজন হচ্ছেন পরিবেশ বিজ্ঞান বিভাগের সে সময়ের প্রথম বর্ষের ছাত্র তানভির ফয়সল ও শারীরিক বিজ্ঞান বিভাগের আজিজুল ইসলাম।

বহিষ্কার সকলেই হল দখল করে বিশ্ববিদ্যালয়েই অবস্থান করছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষার্থী অভিযোগ করেছেন।