বাস ভাড়া নিয়ে সংঘর্ষে আহত ২০, যান চলাচল ব্যাহত
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় বাস ভাড়া নিয়ে দুইপক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে।
সোমবার বেলা ১১টার দিকে ঢাকা-সিলেট ও কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া মহাসড়কের বিশ্বরোড মোড়ে এ সংঘর্ষের সময় মহাসড়ক দুটিতে যান চলাচল বন্ধ থাকে বলে খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি মো. হুমায়ুন কবির জানান।
এক ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয় বলে পুলিশ জানায়।
সংঘর্ষে আহতদের ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয়দের বরাত দিয়ে বিডিনিউজ টোয়োন্টিফোর ডটকমকে ওসি হুমায়ুন বলেন, সকালে লোকাল বাসের ভাড়া নিয়ে উপজেলার কুট্টাপাড়া গ্রামের কালু মিয়ার সঙ্গে স্থানীয় খাঁটিহাতা গ্রামের দুখু মিয়ার কথা কাটাকাটি হয়।
“এক পর্যায়ে দুই গ্রামের বাসিন্দারা সংঘর্ষে জড়ালে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন।”
ওসি বলেন, মহাসড়কের ওপর সংঘর্ষ চলতে থাকায় বেলা ১২টার দিকে ঢাকা-সিলেট ও ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়; ফলে মহাসড়কের দুপাশে গাড়ির দীর্ঘ গাড়ির জট তৈরি হয়।
পরে পুলিশ গিয়ে সংঘর্ষকারীদের মহাসড়ক থেকে সরিয়ে দিলে বেলা ১টার দিকে যানবাহন চলাচল স্বাভাবিক হয় বলে জানান তিনি।
এর আগে শনিবার একই ঘটনার জেরে কালু মিয়া ও দুখু মিয়ার মধ্যে কাটাকাটির হয়। পরে দুপক্ষের সংঘর্ষের সময় ঢাকা-সিলেট মহাসড়কে প্রায় দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে যায়।
