Published : 31 Dec 2016, 03:33 PM
শনিবার দুপুরে কুট্টাপাড়া ও খাঁটিহাতা গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষ হয় বলে পুলিশ জানিয়েছে।
আহতদের জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি।
পুলিশ ও স্থানীয়রা জানান, বেলা ১১টার দিকে বাস ভাড়াকে কেন্দ্র করে খাঁটিহাতা গ্রামের এক যুবক কুট্টাপাড়ার এক যুবককে মারধর করে। এ নিয়ে বেলা ১২টার দিকে দুই গ্রামের মানুষ দেশি অস্ত্রশস্ত্র নিয়ে ঢাকা-সিলেট মহাসড়কে সংঘর্ষে জড়িয়ে পড়ে।এ পর্যায়ে সংঘর্ষ ঢাকা-সিলেট ও কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া মহাসড়কের তিনটি স্থানে ছড়িয়ে পরে। এ সময় বেশ কয়েকটি দোকানে ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানান।
খাঁটিহাতা হাইওয়ে থানার এসআই আবদুল কাদের জানান, এ সময় মহাসড়কে প্রায় দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।“পরে ব্রাহ্মণবাড়িয়া সদর, সরাইল, আশুগঞ্জ থানা ও পুলিশ লাইন থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে ব্যাপক কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছুড়ে প্রায় দেড় ঘণ্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।”
বেলা সোয়া ১টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান তিনি।