Published : 18 Sep 2026, 11:45 AM
অভিনয়শিল্পী আফজাল হোসেন ও জাকিয়া বারী মমকে নিয়ে নির্মাতা চয়নিকা চৌধুরী ‘সময় একটু থামো’ নামের যে টেলিফিল্মটি নির্মাণ করেছিলেন সেটি প্রচারে আসছে।
শুক্রবার চ্যানেল আইয়ে দেখা যাবে টেলিফিল্মটি। বিজ্ঞপ্তিতে চ্যানেল আই জানিয়েছে, শুক্রবার বিকেল ৩টা ৫ মিনিটে দেখা যাবে ‘সময় একটু থামো’।
ইফফাত আরেফিন মাহমুদের গল্পে নির্মিত এই টেলিফিল্মে আরও অভিনয় করেছেন ফারজানা ছবি, মোশাররফ করিম, রিয়া, রোজি সিদ্দিকীসহ অনেকে।
‘সময় একটু থামো’ টেলিছবিটির গল্প আবর্তিত হয়েছে এক চিরচেনা কিন্তু গভীর মনস্তাত্ত্বিক টানাপোড়েন নিয়ে। টেলিফিল্মটির মূল প্রেক্ষাপট পনেরো বছর পর এক রাতে আচমকা দুই পরিচিত মানুষের মুখোমুখি হওয়া।
গল্পে দেখা যাবে, দীর্ঘ ১৫ বছর পর একজন স্থপিতর হঠাৎ দেখা হয় প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের সঙ্গে।
দীর্ঘ বিরতির পর দুজনের এই আকস্মিক দেখাকে কেন্দ্র করেই গল্পে একের পর এক নতুন মোড় আসতে থাকে। ঘটতে থাকে নানা নাটকীয় ও মজার ঘটনা। যান্ত্রিক জীবনের ভিড়ে হারিয়ে যাওয়া পুরোনো আবেগ, সম্পর্কের সমীকরণ এবং কিছু অমীমাংসিত প্রশ্নকে সামনে নিয়ে আসবে এই গল্প।
এটি প্রযোজনা করেছে গাঙচিল ড্রামা অ্যান্ড সিনেমা।
টেলিফিল্মটির কাজের অভিজ্ঞতা জানিয়ে এর আগে চয়নিকা চৌধুরী গ্লিটজকে বলেছিলেন, "গল্পটা অসাধারণ। আফজাল ভাই গুণী শিল্পী, ভালোবাসা আসলে এমনই, কাজে, অনুভবে, আচরণে ও ব্যবহারে প্রমাণ করতে হয়। আফজাল ভাইয়ের কাছ থেকে শিখলাম কীভাবে মানুষকে সম্মানিত করতে হয় ও ভালোবাসা দিতে হয়।"