জামালপুরে নিখোঁজ শিশুর লাশ মিলল জঙ্গলে
জামালপুর সদর উপজেলায় বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
জামালপুর সদরের নারায়নপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই মোহাম্মদ মহববত কবীর জানান, শনিবার গভীর রাতে চার বছর বয়সী হৃদয়ের লাশ উদ্ধার করা হয়।
হৃদয় হাজিপুর ব্যাপারীপাড়ার হেলাল উদ্দিনের ছেলে। শনিবার বিকালে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয় সে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি বলেন, রাতে স্থানীয়রা বাড়ির পাশের জঙ্গলে হৃদয়ের লাশ দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে জামালপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়।
হৃদয়কে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করছেন তিনি।
এ ঘটনায় হৃদয়ের মা ফুলি বেগম বাদী হয়ে অজ্ঞাত পরিচয় কয়েকজনকে আসামি একটি হত্যা মামলা করেছেন।
