বর্ষার আগেই সড়কের সংস্কার কাজ শেষ করার নির্দেশ
বর্ষার আগেই দেশের সড়ক-মহাসড়কের সংস্কার ও উন্নয়ন কাজ শেষ করার নির্দেশনা দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
শুক্রবার বিকালে গাজীপুরের চন্দ্রা ত্রিমোড়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চারলেন প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শনে গিয়ে এ কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, এপ্রিল মাস থেকে বর্ষা শুরু হয়। বর্ষায় সড়ক-মহাসড়কে সংস্কার ও উন্নয়ন কাজ করা যায় না। বর্ষার আগেই সমস্ত কাজ সম্পন্ন করতে হবে।
“ দ্রুত টেন্ডার প্রক্রিয়া শেষ করে যেন বর্ষার আগে কাজগুলো ভালভাবে শুরু ও শেষ করা যায় সে ব্যাপারে পদক্ষেপ নেওয়ার জন্য আমাদের প্রকৌশলীদের নির্দেশনা দিচ্ছি।”
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ছোট যানবাহন চলার জন্য ব্যবস্থা করা হচ্ছে বলে জানান সড়ক পরিবহন মন্ত্রী।
“এ মহাসড়কে সার্ভিস লাইন তৈরি করা হবে। ওই সার্ভিস লাইন দিয়ে ছোট ছোট যানবাহন চলাচল করতে পারবে।”
ঘন কুয়াশায় চালকদের গাড়ির গতি সীমিত রাখতে অনুরোধ জানিয়ে তিনি বলেন, কুয়াশা দিনে দিনে আরও ঘন হচ্ছে, ভয়াবহ রূপ নিচ্ছে। এ অবস্থায় জনস্বার্থে গাড়ির গতি সীমিত রাখা দরকার।
“মালিকদেরও আমি অনুরোধ করবো এ বিষয়ে যেন ড্রাইভারদেরকে কাউন্সেলিং করেন।”
২০১৮ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে কাজ শেষ হবে বলে আশা প্রকাশ করেন ওবায়দুল কাদের। ।
এ সময় ঢাকা বিভাগীয় তত্বাবধায়ক প্রকৌশলী সবুজ উদ্দিন খান, গাজীপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী ডি একে এন নাহিন রেজা, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুস সবুরসহ সড়ক ও জনপথ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
