২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

তামান্নার এক পায়ের জয় অব্যাহত

যশোরের তামান্না নুরা এক পা দিয়ে লিখে জিপিএ-৫ অর্জন অব্যাহত রেখেছে।

শিকদার খালিদ

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2016, 02:50 PM

Updated : 20 Aug 2022, 02:37 PM

জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় তার জিপিএ-৫ অর্জনের খবর দিয়েছেন স্কুলের শিক্ষকরা।

তিন বছর আগে প্রাথমিক সমাপনী পরীক্ষায়ও একই ফল করে তামান্না।

জন্মের সময় তার দুটি হাত ও দুটি পা নয়, শুধু একটি পা ছিল। তা দিয়েই তার সব কাজ। মা শিল্পী তাকে শিখিয়েছেন পা দিয়ে লেখা। পা দিয়ে সুন্দর ছবিও আঁকে তামান্না।

তামান্না ঝিকরগাছা উপজেলার আলীপুর গ্রামের রওশন আলী ও শিল্পী বেগমের মেয়ে। তাদের তিন সন্তানের মধ্যে তামান্না সবার বড়।

এ বছর বাঁকড়া জে কে মাধ্যমিক বিদ্যালয় থেকে জেএসসি পরীক্ষায় অংশ নেয় তামান্না।

শিল্পী বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শিক্ষাজীবনের শুরুতে তামান্নাকে বিদ্যালয়ে ভর্তি করতে গিয়ে যথেষ্ট বেগ পেতে হয়েছে।

“একটিও হাত নেই, পা-ও মোটে একটি - এমন শিশুর উপর আস্থা রাখতে পারছিলেন না শিক্ষকরা। শেষ পর্যন্ত বাড়ির পাশের আজমাইন এডাস স্কুল তার দিকে সহায়তার হাত বাড়িয়ে দেয়।”

যারা তাকে জীবনের শুরুতে হতাশ করতে চেয়েছিল তাদের চমকে দিয়ে জীবনের প্রথম দুই গুরুত্বপূর্ণ পরীক্ষায় তামান্নার সাফল্য সবাইকে প্রতিবন্ধী বিষয়ে পুনির্বিবেচনা করতে শেখাবে বলে মনে করেন শিল্পী বেগম।