জেএসসি: সিলেটে পাস কমলেও জিপিএ-৫ বেড়েছে
সিলেট বোর্ডে জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় জিপিএ-৫ বাড়লেও পাসের হার সামান্য কমেছে।
বৃহস্পতিবার সিলেট শিক্ষা বোর্ডের সচিব মোস্তফা কামাল আহমদ এবারের ফলাফলের বিভিন্ন দিক তুলে ধরেন।
সিলেট বোর্ডে এবার ১ লাখ ৩০ হাজার ৭০৩ জন পরীক্ষার্থী জেএসসিতে অংশ নেয়, যাদের ৯৩ দশমিক ৩৯ শতাংশ পাস করেছে। গত বছর এ হার ছিল ৯৩ দশমিক ৫৯ শতাংশ।
এ বছর ১০ হাজার ২৫৫ জন জিপিএ-৫ পেয়েছে সিলেট বোর্ড থেকে। গত বছর জিপিএ-৫ পেয়েছিল ৪ হাজার ৯৫৬ জন ।
সার্বিক ফলাফলে সন্তোষ প্রকাশ করে মোস্তফা কামাল বলেন, “শিক্ষার গুণগত মান বেড়েছে, জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে।”
এ বছর জেএসসিতে ১০০৯টি স্কুলের মধ্যে ২৪৪টির সব পরীক্ষার্থী পাস করেছে। কেউ পাস করেনি এমন কোনো স্কুল এ বোর্ডে নেই।
গত বছরের মতো এবারও পাসের হারে ছেলেরা এগিয়ে আছে সিলেটে। এ বোর্ডে ছাত্রীদের পাসের হার ৯৩ দশমিক ২৪ শতাংশ; ছাত্রদের মধ্যে ৯৩ দশমিক ৫২ শতাংশ পাস করেছে।
এবার সারা দেশে জেএসসি ও জেডিসিতে ৯৩ দশমিক ০৬ শতাংশ শিক্ষার্থী পাস করেছে, জিপিএ-৫ পেয়েছে ২ লাখ ৪৭ হাজার ৫৮৮ জন।
প্রাথমিক সমাপনী
প্রাথমিক সমাপনী পরীক্ষায় (পিইসি) এবার সিলেট জেলায় পাশের হার ৯৭ দশমিক ৭৭ শতাংশ। আর ইবতেদায়ীতে ৯৪ দশমিক ৩৬ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।
সিলেট জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নুরুল ইসলাম দুপুরে এ পরীক্ষার ফলাফলের বিভিন্ন দিক তুলে ধরেন।
এ বছর সিলেট জেলায় প্রাথমিক সমাপনীতে অংশ নিয়েছিল ৭৬ হাজার ৪৯২ জন। তাদের মধ্যে পাস করেছে ৭৪ হাজার ৭৮৫ জন। আর ৩ হাজার ৩৫৫ জন জিপিএ-৫ পেয়েছে।
আর ইবতেদায়ীর ৬ হাজার ৫২১ জন পরীক্ষার্থীর মধ্যে ৬ হাজার ১৫৩ জন পাস করেছে; ১৪৯ জন পেয়েছে পূর্ণ জিপিএ।
