২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে শিক্ষার্থীদের সড়ক অবরোধ, বাসচাপায় পথচারীর মৃত্যু

অধ্যক্ষের সঙ্গে অসদাচরণের অভিযোগে সিরাজগঞ্জ মেরিন একাডেমির শিক্ষার্থীদের সড়ক অবরোধের সময় বাসচাপায় এক পথাচারী নিহত হয়েছেন।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2016, 09:45 PM

Updated : 11 Oct 2022, 09:30 PM

বুধবার বিকালে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় সংযোগ মহাসড়কের মুলিবাড়ি এলাকায় এ ঘটনার সময় বেশ কয়েকটি যানবাহনও ভাংচুর করে শিক্ষার্থীরা। অবরোধে দুপাশে আটকা পড়ে কয়েকশ যান। 

একাডেমির ছাত্র ওয়াজকরণী বলেন, “বুধবার বিকালে কড্ডার মোড় বাসস্ট্যান্ডে অভি পরিবহনের একটি বাসের স্টাফরা একাডেমির অধ্যক্ষ সুলতান সালাউদ্দিনের সঙ্গে অসদাচরণ করে।

“এ ঘটনার প্রতিবাদে আমরা ঘণ্টাব্যাপী মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করেছি।”

সয়দাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নবীদুল ইসলাম বলেন, অবরোধ চলাকালে বাসের নিচে চাপা পড়ে ষাটোর্ধ্ব অজ্ঞাত পরিচয়ের এক পথচারী নিহত হয়েছেন।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি দাউদ আহম্মেদ বলেন, অধ্যক্ষকে ঘটনাস্থলে ডেকে বিচারের আশ্বাস দেওয়ায় তিনি শিক্ষার্থীদের অবরোধ তুলে নিতে বলেন। এরপরই মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হতে থাকে।

অভি এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী শিমুল বিশ্বাস বলেন, “আমাদের বাস সিরাজগঞ্জ-ঢাকা রুটে সরাসরি চলাচল করে। টাঙ্গাইলের কোনো টিকিট দেওয়া হয় না।

“মেরিন একাডেমির অধ্যক্ষ বিকাল সাড়ে ৩টার দিকে কড্ডার মোড়ে হঠাৎ বাসে উঠে যাত্রীর আসনে বসেন। এ সময় বাসের সুপারভাইজার তাকে বাস থেকে নামিয়ে দিলে শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে মহাসড়ক অবরোধ ও বাসে ভাংচুর চালিয়েছে।”

এ বিষয়ে অধ্যক্ষ মো. সালাউদ্দিন আহম্মেদ বলেন, বিষয়টি একাবারেই অনাকাঙ্ক্ষিত। কড্ডার মোড় থেকে প্রায়ই ২০/৫০ টাকা নিয়ে ঢাকা বা উত্তরাঞ্চলের বাস যাত্রী নেয়। প্রায়ই সেসব বাসে আমি টাঙ্গাইলে বাড়িতে যাই।

“আজ হঠাৎ একটি বাসে ওঠার পর সিটে বসতে গেলে অপমান করে নামিয়ে দেওয়ার ঘটনাটি এক ছাত্র দেখে ফেলে তার সহপাঠীদের জানালে তারা সড়ক অবরোধ করে।”