২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে আবার পায়ুপথে বাতাস, ‘গুরুতর’ অসুস্থ শ্রমিক

নারায়ণগঞ্জে পাঁচ মাসের মাথায় আবার পায়ুপথে বাতাস দেওয়ার ঘটনা ঘটেছে। তবে এবার এক কারখানা শ্রমিক ‘গুরুতর’ আহত হলেও মৃত্যুর ঘটনা ঘটেনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2016, 08:01 PM

Updated : 11 Oct 2022, 09:30 PM

বুধবার দুপুরে আড়াইহাজার উপজেলার ব্রা‏হ্মণদী ইউনিয়নের গোপনদী বিনয়চর এলাকায় ‘ছাবেদ আলী স্পিনিং মিলে’ এই ঘটনা ঘটে। এ ঘটনায় অসুস্থ আল আমিনকে (২০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আল আমিন গোপনদী গ্রামের হাছান আলীর ছেলে। এই ঘটনায় জড়িত অভিযোগে সহকর্মী রিমনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এর আগে গত ২৫ জুলাই ও ১৪ ডিসেম্বর একই ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে।

সাবেদ আলী স্পিনিং মিলের শ্রমিকদের বরাত দিয়ে আড়াইহাজার থানার ওসি সাখাওয়াত হোসেন জানান, দুপুরে মিলের মেকানিক্যাল ইউনিটে আল আমিন (১৬), রিমন (২০), আলামিন (১৫) ও ইমন (১৪) কাজ করছিল।

“এক পর্যায়ে আল আমিনকে ধরে জোর করে পায়ু পথে প্লাস্টিকের নল ধরে বাতাস ঢুকিয়ে দেয় মেকানিক্যাল শ্রমিক রিমন।”

এতে আল আমিনের পেট ফুলে গিয়ে ছটফট করতে থাকলে ঘটনাটি পাশে থাকা অপর শ্রমিক আলামিন ও ইমন মিল কর্তৃপক্ষকে জানালে তারা আল আমিনকে উদ্ধার করে হাসপাতালে পাঠান বলে জানান ওসি।

ওসি বলেন, খবর পেয়ে আড়াইহাজার থানা পুলিশ ছাবেদ আলী স্পিনিং মিলে অভিযান চালিয়ে বিকালে রিমনকে (২০) গ্রেপ্তার করেছে। রিমন রাজশাহীর চারঘাট উপজেলার থানাপাড়ার রবিউল ইসলামের ছেলে।

এই ঘটনায় মামলা দায়েরের  প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

ওই মিলের কর্মকর্তা এনামুল হক সাংবাদিকদের জানান, দেড়টার দিকে রিমন ও আল-আমিন দুষ্টামি করার সময় কম্প্রেসার মেশিন দিয়ে আল-আমিনের পায়ু পথে বাতাস ঢুকিয়ে দিলে তিনি গুরুতর আহত হয়ে পড়েন।

তাকে উদ্ধার করে প্রথমে ভুলতা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় বলে জানান এনামুল।

এর আগে গত ২৫ জুলাই নারায়ণগঞ্জের রূপগঞ্জে জোবেদা স্পিনিং মিলে পায়ুপথে বাতাস দিয়ে সাগর বর্মণ নামের এক শিশু শ্রমিককে হত্যার ঘটনা ঘটে। এই ঘটনায় সাগর বর্মনের বাবা রতন বর্মণ বাদী হয়ে কারখানার চার কর্মকর্তার নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় আরও কয়েকজনের বিরুদ্ধে মামলা করেন। মামলায় কারখানার তিন শ্রমিকের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে।

বর্তমানে মামলাটি বিচারাধীন বলে জানিয়েছেন রূপগঞ্জ থানার ওসি মো. ইসমাইল হোসেন।

অপর ঘটনাটি ঘটে গত ১৪ ডিসেম্বর সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়নের মরিচটেক এলাকায় বিআর স্পিনিং মিলে।

ওই মিলে সহকর্মী রায়হান ওরফে হৃদয় একইভাবে পায়ুপথে বাতাস ঢুকিয়ে ইয়ামিন (১৪) নামের এক শ্রমিককে হত্যা করে বলে অভিযোগ ওঠে।

পুলিশ রায়হান ওরফে হৃদয়কে আটক করেছে। এই ঘটনায় নিহত ইয়ামিনের বাবা শাহজাহান বাদী হয়ে আটক সহকর্মী রায়হানকে আসামি করে মামলা দায়ের করেছেন।