২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে নারীর কর্মসংস্থান বেড়েছে ৩ গুণ

গত এক দশকে গাজীপুরে নারীর কর্মসংস্থান তিন গুণের বেশি বেড়েছে বলে জানিয়েছে জেলা পরিসংখ্যান বিভাগ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2016, 04:11 PM

Updated : 12 Apr 2022, 03:36 AM

জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে মঙ্গলবার দুপুরে প্রতিবেদন প্রকাশনা অনুষ্ঠানে এ তথ্য প্রকাশ করা হয়।

অনুষ্ঠানে জেলা পরিসংখ্যান কার্যালয়ের ভারপ্রাপ্ত উপ-পরিচালক সোনিয়া আরেফিন জানান, ২০০৩ সালে গাজীপুরে মোট নারীকর্মীর সংখ্যা ছিল ৭০ হাজার ৩৭৬। ২০১৩ সালে তা বেড়ে হয়েছে ৩ লাখ ৪০ হাজার ৯১৩, যা  গত এক দশকে সোয়া চার গুণের বেশি।

সারাদেশে ২০১৩ সালে একযোগে এই শুমারি হয়। প্রাথমিক প্রতিবেদন এক বছর আগে প্রকাশ করা হলেও পরীক্ষা-নিরীক্ষা শেষে চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করতে তিন বছর সময় লেগেছে বলে জানান পরিসংখ্যান কর্মকর্তা সোনিয়া আরেফিন।

একই সময় পুরুষের কর্মসংস্থান বেড়ে তিন গুণের বেশি হয়েছে।

পরিসংখ্যান কর্মকর্তা সোনিয়া বলেন, এ জেলায় ২০০৩ সালে ৩ লাখ ৩৩ হাজার ৬৯ জন পুরুষের জন্য কাজ ছিল। ২০১৩ সালে তা বেড়ে হয়েছে ১০ লাখ ৪০ হাজার ২১৮ জন।

তবে বেসরকারি প্রতিষ্ঠানগুলোর কর্মপরিবেশ সন্তোষজনক নয়।

পরিসংখ্যান কর্মকর্তা সোনিয়া জানান, গাজীপুরে ২০১৩ সালে মোট নিবন্ধিত প্রতিষ্ঠান ছিল ১১ হাজার ৭২৫টি। এর মধ্যে মাত্র ১৯৬০ প্রতিষ্ঠানে অগ্নিনির্বাপণ ব্যবস্থা, ২০৭৩টিতে বর্জ্য ব্যবস্থাপনা, ৫৩৩৬টিতে শৌচাগার আর ২০৬০টিতে নারীদের জন্য আলাদা শৌচাগার পাওয়া গেছে।

এসব প্রতিষ্ঠানের পরিচালকদের মধ্যে মাত্র ৭.৬৯ শতাংশের শিক্ষাগত যোগ্যতা বিএ পাস বলে জানান পরিসংখ্যান কর্মকর্তা। অন্যদের প্রাতিষ্ঠানিক শিক্ষা উচ্চমাধ্যমিক, মাধ্যমিক, নিম্নমাধ্যমিক বা তার নিচে।

গাজীপুরের জেলা প্রশাসক এস এম আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুারোর স্ট্যাটিস্টিক্যাল স্টাফ ট্রেনিং ইনস্টিটিউটের পরিচালক কাইয়ুম আরা বেগম, গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক ফারজানা মান্নান উপস্থিত ছিলেন।