২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিরোজপুর নিখোঁজ শিক্ষকের লাশ মিলল খালে

পিরোজপুর সদর উপজেলায় বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ এক শিক্ষকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

পিরোজপুর প্রতিনিধি

হাসিবুল ইসলাম হাসান,

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2016, 01:46 PM

Updated : 20 Aug 2022, 02:36 PM

বুধবার সকালে শহরের সরকারি সোহরাওয়ার্দী কলেজ সংলগ্ন খাল থেকে ৮২ বছর বয়সী গৌরাঙ্গ লাল সাহার লাশ উদ্ধার করা হয় বলে পিরোজপুর সদর থানার এসআই আল মামুন জানান।

গৌরাঙ্গ শহরের মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক এবং হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ জেলা শাখার সাবেক সভাপতি ছিলেন।

পিরোজপুর পৌরসভার কাউন্সিলর মিনারা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার রাত থেকে গৌরাঙ্গ লাল নিখোঁজ ছিলেন। পরিবারের লোকজন অনেক খোঁজাখঁজি করলেও তার কোন সন্ধান পাওয়া যায়নি।

সকালে স্থানীয়রা খালে তার লাশ ভাসতে দেখে থানায় খবর দিলে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় বলে জানান তিনি।

গৌরাঙ্গ সাহার নাতি মিঠুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার সকালে  জমি নিয়ে বিরোধের জেরে স্থানীয় আনসার আলী ও তার স্ত্রী বিউটি বেগম তাদের বাসায় গিয়ে দাদুকে হুমকি দেন।

“বিকালে দাদু বাসা থেকে বেরিয়ে যাওয়ার পর থেকে তার কোন হদিস মিলছিল না। রাত ১২টা পর্যন্ত খোঁজাখুজি করেও তাকে পাওয়া যায়নি।”

সকালে পুলিশে কাছে খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে দাদুর লাশ সনাক্ত করেন বলে জানান মিঠুন।

সদর থানার ওসি মাসুমুর রহমান বিশ্বাস বলেন, জিজ্ঞাসাবাদের জন্য আনসার ও তার স্ত্রীকে থানায় নেওয়া হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।