২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে যুবলীগ নেতা হত্যার আসামিসহ গ্রেপ্তার ২

ফেনীর সোনাগাজী উপজেলায় স্থানীয় যুবলীগ নেতা আজিজুল হক হত্যা মামলার আসামিসহ দুইজনকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2016, 01:27 PM

Updated : 20 Aug 2022, 02:36 PM

র‌্যাব-৭ ফেনী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার শাফায়াত জামিল ফাহিম জানান, মঙ্গলবার রাতে আমিরাবাদ ইউনিয়নের চরডুব্বা গ্রাম থেকে দুইজনকে গ্রেপ্তারের পর সকালে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।  

গ্রেপ্তাররা হলেন- ওই ইউনিয়নের সোনাপুর গ্রামের আবদুল মতিনের ছেলে ও স্থানীয় স্বতন্ত্র সাংসদ রহিম উল্লাহর ভাগ্নে আলা উদ্দিন আলো (২৮) এবং সোনাপুর গ্রামের নজরুল ইসলাম মিরাজ (২৭)।

শাফায়াত জামিল বিডিনিউজ টোয়োন্টিফোর ডটকমকে বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে একটি বাড়িতে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ওয়ানশুটার গান ও ছয় রাউন্ড গুলিসহ আলো ও নজরুলকে গ্রেপ্তার করা হয়।”

গত ১ জুন সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউানয়নের ওয়ার্ড যুবলীগের সভাপতি নেতা আজিজুল হককে হত্যা করা হয়। এরপর ৩ জুন আজিজুলের স্ত্রী শাহানা আক্তার সোনাগাজী থানায় একটি হত্যা মামলা করেন।

ওই হত্যা মামলায় আলোকে প্রধান আসামি করে এজাহারে মোট ২১ জনের নাম উল্লেখ করা হয়। অজ্ঞাতপরিচয় আসামি করা হয় আরও ১০ জনকে।

র‌্যাব কর্মকর্তা শাফায়াত জানান, গ্রেপ্তার অপর আসামি নজরুলের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন মামলা রয়েছে।

তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে নতুন আরেকটি মামলা করা হয়েছে বলে জানান তিনি।