২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়ার্ডে ফিরেছেন রামেকের ইন্টার্ন চিকিৎসকরা

রোগীর স্বজনদের হাতে লাঞ্ছিত হওয়ার প্রতিবাদে ২৪ ঘণ্টা কর্মবিরতি পালনের পর ওয়ার্ডে ওয়ার্ডে ফিরেছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2016, 01:39 AM

Updated : 20 Aug 2022, 02:36 PM

মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে তারা কাজে যোগ দেন।

রাত ৯টার দিকে হাসপাতাল কর্তৃপক্ষ ও স্থানীয় আওয়ামী লীগ নেতাদের সঙ্গে বৈঠক শেষে তারা কাজে যোগ দেন বলে জানান হাসপাতালের উপ-পরিচালক সিরাজুল করিম।

সোমবার সন্ধ্যায় হাসপাতাল ওয়ার্ডে রোগীর স্বজনদের হাতে লাঞ্ছিত হওয়ার প্রতিবাদে রাত ১০টা থেকে কর্মবিরতিতে যান ইন্টার্ন চিকিৎসকরা। পরে মঙ্গলবার দুপুরে তারা হাসপাতালের সামনে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধনও করেন।

উপ-পরিচালক সিরাজুল করিম বলেন, সমস্যা সমাধানে রাত ৯টার দিকে বৈঠক আহ্বান করা হয়। বৈঠকে উপস্থিত থাকার জন্য স্থানীয় আওয়ামী লীগ নেতাদেরও আহ্বান জানানো হয়। ওই বৈঠকে ইন্টার্ন চিকিৎসক পরিষদের নেতাদের ডাকা হয়।

আলোচনার পর হাসপাতালের নিরাপত্তা বাড়ানোসহ ইন্টার্ন চিকিৎসকদের বেশ কিছু দাবি পূরণের আশ্বাস দেওয়া হলে তারা কর্মবিরতির কর্মসূচি তুলে নেওয়ার ঘোষণা দেন। এর পর রাত সাড়ে ১০টার দিকে তারা কাজে যোগ দেন বলে জানান সিরাজুল করিম।

ওই বৈঠকে অন্যদের মধ্যে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য রাজশাহী মহানগরের সভাপতি ও সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল একেএম রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে তারা হাসপাতালের ডক্টরস রুমে চিকিৎসাধীন আহত ইন্টার্ন চিকিৎসক আবু নাঈম পরাগকে দেখতে যান। এসময় দোষীদের গ্রেপ্তার করে শাস্তি ও হাসপাতালের নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দেন হাসপাতাল কর্তৃপক্ষ।

সোমবার সন্ধ্যায় হাসপাতালের ২২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রোগীর পাশে ভিড় জমানোকে কেন্দ্র করে স্বজনদের গালাগাল করেন ইন্টার্ন চিকিৎসক আবু নাঈম পরাগ। এসময় রোগীর স্বজনদের সঙ্গে পরাগের কথাকাটাকাটি হয়।

এক পর্যায়ে দুজনের মধ্যে হাতাহাতির সময় রোগীর স্বজনরা পরাগের চোখেমুখে কিলঘুষি মারে, যাতে পরাগ আহত হন।