২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাবি ছাত্রলীগের নতুন সভাপতি জুয়েল, সম্পাদক চঞ্চল

মো. জুয়েল রানাকে সভাপতি এবং এস এম আবু সুফিয়ান চঞ্চলকে সাধারণ সম্পাদক করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2016, 10:47 PM

Updated : 11 Oct 2022, 09:30 PM

মঙ্গলবার রাতে ছাত্রলীগের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক দেলোয়ার শাহাজাদা এ তথ্য জানিয়েছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গঠনতন্ত্র অনুযায়ী আগামী এক বছরের জন্য নতুন এ কমিটির নাম ঘোষণা করা হয়েছে। দুই-একদিনের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করা হবে।”

নতুন সভাপতি জুয়েল এর আগে জাবি ছাত্রলীগের উপ-অর্থ বিষয়ক সম্পাদক ছিলেন। ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী জুয়েল টাঙ্গাইলের দাড়িয়াপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সহ-সাংগঠনিক সম্পাদক মো. আব্দুস সালামের ছেলে।

সাধারণ সম্পাদক নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী দিনাজপুরের ছেলে আবু সুফিয়ান চঞ্চল এর আগে বিশ্ববিদ্যালয় শাখার আইন বিষয়ক সম্পাদক ছিলেন। এ দুজনই বিশ্ববিদ্যালয়ের ৩৯ তম আবর্তনের শিক্ষার্থী।

চলতি বছরের ১ ডিসেম্বর জাবি ছাত্রলীগের কর্মী সম্মেলনের তিন সপ্তাহ পর নতুন নেতৃত্বের নাম ঘোষণা করলো কেন্দ্রীয় ছাত্রলীগ।

এর আগে ২০১২ সালের সেপ্টেম্বরে মাহমুদুর রহমান জানি ও রাজিব আহমেদ রাসেলকে সভাপতি-সম্পাদক করে জাবি ছাত্রলীগের সর্বশেষ কমিটি গঠন করা হয়েছিল।