বগুড়ায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ যুবক গুলিবিদ্ধ
বগুড়ার শিবগঞ্জে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন।
জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার গাজিউর রহমান জানান, সোমবার গভীর রাতে উপজেলার মহাস্থানগড়ে শিলাদেবীর ঘাট এলাকায় এ ঘটনায় দুই কনস্টেবলও আহত হয়েছেন।
গুলিবিদ্ধ বিশাল মিয়া (২৩) উপজেলার মহাস্থান নামাপাড়া এলাকার আজিজুল ইসলামের ছেলে।
বিশাল সোমবার শিবগঞ্জে সেলুন কর্মচারী শাহিন হত্যায় জড়িত বলে ধারণা করছে পুলিশ। তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত কনস্টেবল জুয়েল রানা ও ফারুকুল ইসলামকে পুলিশ লাইন্স হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
বিশালের কাছ থেকে তিন রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয় বলে জানান পুলিশ কর্মকর্তা গাজিউর।
তিনি বলেন, সোমবার গভীর রাতে শিলাদেবীর ঘাট এলাকায় বিশালের নেতৃত্বে ৩/৪ জন সন্ত্রাসী নাশকতার পরিকল্পনা করছিল। গোপন খবরে পুলিশ সেখানে অভিযানে যায়।
“পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি চালায়। এতে বিশাল গুলিবিদ্ধ হয়।”
তবে তার সহযোগীরা পালিয়ে যায় বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
