টাম্পাকো দুর্ঘটনা: নিখোঁজ ৯, মর্গে আট লাশ
টঙ্গীর টাম্পাকো ফয়েলস লিমিটেডে অগ্নিকাণ্ডের পর পাওয়া ৩৯ লাশের মধ্যে ৩১ জনের পরিচয় পাওয়া গেছে। দুর্ঘটনার সাড়ে তিন মাস পরও আট লাশের পরিচয় শনাক্ত করা যায়নি, যেগুলো ডিএনএ টেস্টের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা আছে।
এদিকে ওই দুর্ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন নয় শ্রমিক।
সোমবার দুপুরে নিখোঁজ চার শ্রমিকের স্বজনরা দ্রুত ডিএনএ পরীক্ষার মাধ্যমে মর্গে পড়ে থাকা লাশের পরিচয় নিশ্চিত করে হস্তান্তরের জন্য জেলা প্রশাসকের কাছে আবেদন জানান।
পরে তারা গাজীপুর প্রেসক্লাবে গিয়ে সাংবাদিকদের সঙ্গে এ বিষয়ে মতবিনিময় করেন।
নিখোঁজ চারজনের স্বজনরা হলেন- টাম্পাকো ফয়েলস লিমিটেডের মেশিন অপারেটর আনিসুর রহমানের (৩০) স্ত্রী শারমিন আক্তার শিল্পী, মাগুরার ছনপুর গ্রামের আজিম উদ্দিনের(৩৬) স্ত্রী পারভীন আক্তার, টাঙ্গাইলের মির্জাপুরের উপুলকি গ্রামের আবুল হোসেনের স্ত্রী নূরুন্নাহার, কুমিল্লার মুরাদনগরের টঙ্কি গ্রামের মাসুম আহমেদের স্ত্রী রূপালী বেগম।
জেলা প্রশাসক এসএম আলম বলেন, নিখোঁজ চার শ্রমিকের স্বজনরা নিহতদের ডিএনএ পরীক্ষার ফলাফল জানতে এসেছিলেন। সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের কাছে খোঁজ নিয়ে ওই বিষয়ে তাদের পরে জানানো হবে।
ওই ঘটনায় মামলার তদন্তকারী কর্মকর্তা টঙ্গী থানার এসআই সুমন ভক্ত জানান, কয়েকটি ধাপে পুলিশের সিআইডির ফরেনসিক বিভাগ ডিএনএ পরীক্ষা করছে। ডিএনএ টেস্টের জন্য ২১ সেপ্টেম্বর নিখোঁজ ৯ জনের পরিবারের স্বজনদের রক্ত ও লালা নেওয়া হয়েছে।
“ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে লাশ রয়েছে আটটি; কিন্তু শ্রমিক নিখাঁজ রয়েছেন নয় জন। নয় জনের স্বজনরাই ওই আট লাশের দাবি করছেন।”
ফরেনসিক বিভাগের কর্মকর্তাদের বরাত দিয়ে ওই পুলিশ কর্মকর্তা বলেন, তাদের ডিএনএ পরীক্ষার ফল পেতে জানুযারির শেষ সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে।
এসাই সুমন ভক্ত আরও জানান, ১০ সেপ্টেম্বর ভোরে টঙ্গীর বিসিক শিল্প নগরীতে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনায় ট্যাম্পাকো ফয়েলস কারখানা বিধ্বস্ত হয়। এতে মারা যান ৩৯ জন, আহত হন অন্তত ৪০ জন।
ঘটনা তদন্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, গাজীপুর জেলা প্রশাসন, শিল্প মন্ত্রণালয়, ফায়ার সার্ভিস ও তিতাস গ্যাস কর্তৃপক্ষ পাঁচটি তদন্ত কমিটি গঠন করে। ট্যাম্পাকো মালিকের বিরুদ্ধে টঙ্গী থানায় হত্যাসহ বিভিন্ন ধারায় দুইটি মামলা হয়েছে। মামলার আসামিরা বর্তমানে জামিনে রয়েছেন।
