২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে শিক্ষার্থীদের বিক্ষোভ

ছাত্রাবাসের উন্নয়নসহ ১১ দফা দাবিতে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2016, 06:23 PM

Updated : 20 Aug 2022, 02:34 PM

সোমবার বেলা ১১টার দিকে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে কলেজের রেজিস্ট্রার মো. সেলিমসহ বিভিন্ন বিভাগের শিক্ষকদের অবরুদ্ধ করে রাখেন বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা।

আন্দোলনকারী শিক্ষার্থীদের অভিযোগ, কলেজ কর্তৃপক্ষ তাদের কাছ থেকে সংস্থাপন, পরিবহনসহ বিভিন্ন খাতে ফি নিলেও তারা এসব সেবা পাচ্ছেন না। এছাড়া কলেজের কোনো উন্নয়ন কাজ হয় না, ছাত্রবাসগুলোও বেহাল।

প্রশাসনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে তারা বলেন, ক্যাম্পাস এলাকায় পর্যাপ্ত নিরাপত্তারক্ষী না থাকায় নিরাপত্তাহীনতায় রয়েছেন তারা। ফলে বাধ্য হয়ে তারা আন্দোলনে নেমেছেন।

এদিকে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে কলেজের অধ্যক্ষ আব্দুল হালিম অন্যান্য শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তাদের নিয়ে বৈঠকে বসেন।

অধ্যক্ষ হালিম বলেন, “শিক্ষার্থীদের দাবিদাওয়ার বিষয়টি আলোচনার জন্য বৈঠক চলছে। সমস্যা সমাধানে ব্যবস্থা নেওয়া হবে।”

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) জেদান আল মুসা জানান, দাবি দাওয়া নিয়ে কলেজের ছাত্ররা বিক্ষোভ করছে। অরাজক পরিস্থিতি এড়াতে ক্যাম্পাস এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।