২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তারের পর পুলিশের অভিযানে আসামি নিহত

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ডাকাতি মামলার এক আসামি গ্রেপ্তার হওয়ার পর তাকে নিয়ে পুলিশের ‘অভিযানের সময়’ কথিত বন্দুকযুদ্ধে তার মৃত‌্যু হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2016, 02:51 PM

Updated : 20 Aug 2022, 02:34 PM

সোমবার ভোরে উপজেলার সোনারামপুর এলাকায় গোলাগুলির ওই ঘটনা ঘটে বলে আশুগঞ্জ থানার ওসি মুহাম্মদ সেলিম উদ্দিনের ভাষ‌্য।

নিহত শরীফ উপজেলার চরচারতলা গ্রামের আবদুর রবের ছেলে। তার বিরুদ্ধে আশুগঞ্জ থানায় ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে আটটি মামলা রয়েছে বলে জানান ওসি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, পলাতক শরীফকে রোববার গভীর রাতে গ্রেপ্তারের পর তার সহযোগীদের ধরতে ভোরের দিকে তাকে নিয়ে অভিযানে যায় পুলিশ।

“এ সময় শরীফের সহযোগীরা পুলিশের দিকে গুলি ছুড়ে তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। আত্মরক্ষার জন‌্য পুলিশও পাল্টা গুলি করে। গোলাগুলির মধ‌্যে ঘটনাস্থলেই শরীফের মৃত্যু হয়।”

পরে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয় বলে জানান ওসি।

তিনি বলেন, শরীফের সহযোগীরা পালিয়ে যাওয়ার পর ঘটনাস্থল থেকে একটি পাইপগান, কার্তুজ ও রামদা উদ্ধার করা হয়েছে।

অভিযানের সময় আশুগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. শারফিন মিয়া আহত হয়েছেন বলে জানান ওসি।