২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির নেতারা নানা কথা বলেন: কাদের

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন নিয়ে বিএনপির বক্তব্য বিষয়ে দলটি সুসংগঠিত নয় বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2016, 06:18 PM

Updated : 11 Oct 2022, 09:29 PM

শনিবার ফেনীতে এক অনুষ্ঠানে ক্ষমতাসীন আওয়ামী লীগের এ সাধারণ সম্পাদক বলেন, নারায়ণগঞ্জে একটি রোল মডেল নির্বাচন হয়েছে। এ নির্বাচর নিয়ে সংশয়ের কোনো অবকাশ নেই।

“বিএনপি বিভিন্ন লোকের সমন্বয়ে গঠিত একটি দল। তারা যেহেতু সু-সংগঠিত নয়, তাই তাদের একেক নেতা একেক রকম কথা বলতেই পারেন।”

আওয়ামী লীগ সব সময় এক সুরে কথা বলে বলে মন্তব্য করেন তিনি।

তাছাড়া জঙ্গি হামলা বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের এ নেতা বলেন, “যুক্তরাষ্ট্র, ফ্রান্স, বার্লিনসহ বিভিন্ন দেশে জঙ্গি হামলা ঘটনার ঘটনা ঘটছে। এছাড়া পাকিস্তানে তো প্রতিনিয়তই ঘটছে জঙ্গি হামলা। তাদের তুলনায় বাংলাদেশ অনেক ভাল অবস্থানে আছে।”

রোববার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর ফতেহপুর রেলওয়ে ওভারপাস প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শন করেন মন্ত্রী। এ সময় প্রকল্প পরিচালক, সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী ও ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।