ব্রাহ্মণবাড়িয়ায় মাটিচাপা পড়ে ২ নারী নিহত
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মাটিচাপা পড়ে দুই নারী নিহত হয়েছেন।
রোববার দুপুরে উপজেলার চান্দুরা ইউনিয়নের মানিকপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান বিজয়নগর থানার ওসি মো. আলী আরশাদ।
নিহতরা হলেন ওই গ্রামের হিমাংশু দাসের স্ত্রী সুনীতি দাস (৩৮) ও সুনির্মল দাসের স্ত্রী ননীতা দাস (৩৫)।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, মানিকপুর গ্রামের নতুন খনন করা একটি পুকুরে কয়লা সদৃশ কালো মাটি (স্থানীয়ভাবে জ্বালানি হিসেবে ব্যবহৃত মাটি) পাওয়া যাচ্ছিল। দুপুরে সুনীতি ও ননীতা ওই মাটি সংগ্রহ করতে গেলে গর্তের পাড় ভেঙে চাপা পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
পরে স্থানীয়রা গর্ত থেকে তাদের মরদেহ উদ্ধার করে বলে জানান তিনি।
