নাফ নদী থেকে তিন নৌকাসহ ৩০ রোহিঙ্গাকে ফেরত
কক্সবাজারের টেকনাফের নাফ নদীর সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় তিনটি নৌকাসহ অন্তত ৩০ রোহিঙ্গাকে ফেরত পাঠিয়েছে বিজিবি।
শনিবার ভোরে নাফ নদীর হ্নীলা পয়েন্ট দিয়ে তাদের ফেরত পাঠানো হয় বলে বিজিবি ২ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মো. আবু রাসেল সিদ্দিকী জানিয়েছেন।
গত ৯ অক্টোবর মিয়ানমারের সীমান্ত রক্ষাবাহিনীর তিনটি নিরাপত্তা চৌকিতে ‘বিচ্ছিন্নতাবাদীদের’ হামলার ঘটনার পর দেশটির সেনাবাহিনীর অভিযান শুরু হয়। এরপর থেকে জীবন বাঁচাতে রোহিঙ্গারা পালিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
প্রায় প্রতিদিন রোহিঙ্গাবাহী নৌকা ফেরত পাঠাচ্ছে বিজিবি। তারপরও সীমান্ত বাহিনীর নজর এড়িয়ে এদেশে ঢুকে পড়ছে তারা।
বিজিবি কর্মকর্তা বলেন, শূন্যরেখা অতিক্রম করে ৩টি নৌকায় করে রোহিঙ্গারা অনুপ্রবেশের চেষ্টা চালায়। এসময় বিজিবির টহল দল তাদের মিয়ানমারে ফেরত পাঠিয়েছে।
প্রতিটিতে ১০/১৫ জন করে তিনি নৌকায় ৩০ জনেরও বেশি রোহিঙ্গা ছিল বলে জানান তিনি।
গত ১ ডিসেম্বর থেকে এ পর্যন্ত টেকনাফের নাফ নদীর বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে অনুপ্রবেশের সময় রোহিঙ্গাবাহী ১১৯টির বেশি নৌকা ফেরত পাঠানো হয় বলে জানান মেজর রাসেল।
