২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় পরীক্ষা কেন্দ্র থেকে আসামি গ্রেপ্তার 

মাগুরার শ্রীপুর উপজেলায় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসসি পরীক্ষার কেন্দ্র থেকে নারী নির্যাতন মামলার আসামি এক পরীক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2016, 05:51 PM

Updated : 20 Aug 2022, 02:32 PM

গ্রেপ্তার আকিজ মোল্লা (২২) উপজেলার কাদির পাড়া গ্রামের বাসিন্দা।

নাকোল পুলিশ ক্যাম্পের এএসআই তাইজুল ইসলাম জানান, শুক্রবার সকালে নাকোল রায়চরণ মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র থেকে আকিজকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আকিজের বিরুদ্ধে তার স্ত্রী শাহানা বেগমের দায়ের করা নারী নির্যাতন ও যৌতুক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল বলে তাইজুল জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এএসআই তাইজুল বলেন, দুই বছর আগে শ্রীপুর উপজেলার কাদিরপাড়া গ্রামের বাসিন্দা আকিজ ও শাহানার বিয়ে হয়। কিন্তু বিয়ের এক বছর পর থেকে নানাভাবে নির্যাতন করায় আকিজের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়।

“সকালে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসসির ইতিহাস পরীক্ষা চলার সময় আকিজের স্ত্রী পুলিশ নিয়ে ওই পরীক্ষা কেন্দ্রে যান। সেখান থেকে আকিজকে গ্রেপ্তার করা হয়।”

পরীক্ষা চলাকালে কোনো শিক্ষার্থীকে আটক করা আইনসঙ্গত কি না জানতে চাইলে পুলিশের এ কর্মকর্তা বলেন, “গ্রেপ্তারি পরোয়ানা থাকায় তাকে আটক করা হয়েছে।” 

নাকোল রায়চরণ মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের হল সুপার রফিকুল আলা বলেন, যেহেতু আকিজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরয়ানা ছিল, তাই গ্রেপ্তারে বাধা দেওয়া হয়নি।