২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পিরোজপুরে স্ত্রীকে গলাকেটে হত্যার অভিযোগ 

পিরোজপুরে এক নারী শ্রমিকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে; যাকে তার স্বামী হত্যা করেছে বলে ধারণা করছে পুলিশ। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

হাসিবুল হাসান, পিরোজপুর থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2016, 03:37 PM

Updated : 20 Aug 2022, 02:32 PM

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নয়জনকে আটক করা হয়েছে।

শুক্রবার শহরের মাছিমপুর এলাকায় নিজের ঘরে ২৮ বছর বয়সী আসমা বেগমের লাশ পাওয়া যায় বলে পিরোজপুর সদর থানার ওসি মাসুমুর রহমান বিশ্বাস জানান।

আসমা সাতক্ষীরার তালা উপজেলার রেজাউল ইসলামের (৩২) স্ত্রী।

দিনমজুর রেজাউল ও আসমা মাছিমপুর এলাকায় একটি ভাড়া বাড়িতে থাকতেন।

ওই বাড়ির মালিক রুপা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত এপিল মাসে রেজাউল ও আসমাসহ ১১ জন খাল কাটার কাজ করতে সাতক্ষীরা থেকে এসে তার বাসা ভাড়া নেন। সকালে একই ঘরের আলমগীরের কাছে জানতে পারেন ‘আসমাকে হত্যা করে রেজাউল’ পালিয়ে গেছে।

এরপর রেজাউলের ঘরে গিয়ে আসমার গলাকাটা লাশ দেখতে পেয়ে পিরোজপুর সদর থানায় খবর দেন বলে রুপা জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি মাসুমুর বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আসমার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

“বৃহস্পতিবার রাতের কোনো এক সময় আসমাকে গলা কেটে হত্যার পর রেজাউল পালিয়ে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি; ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।”

ঘটনার পর রেজাউল পালিয়ে গেছেন, জিজ্ঞাসাবাদের জন্য রেজাউলের বাসায় থাকা নয় জনকে আটক করা হয়েছে বলে ওসি জানান।