২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দৌলতদিয়া-পাটুরিয়ায় ৭ ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক

কুয়াশায় ঢেকে থাকায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল সাত ঘণ্টা বন্ধ থাকার পর ফের স্বাভাবিক হয়েছে।

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2016, 08:42 AM

Updated : 12 Apr 2022, 03:34 AM

বৃহস্পতিবার রাত সাড়ে ৩টার দিকে ফেরি চলাচল বন্ধ হওয়ার পর শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে আবার স্বাভাবিক হয়।

দৌলতদিয়া ফেরিঘাটের সহকারী ব্যবস্থাপক আবদুল্লাহ মিয়া জানান, বৃহস্পতিবার গভীর রাতে কুয়াশা পড়তে শুরু করে। পরে রাত সাড়ে ৩টার দিকে নদীপথ সম্পূর্ণ ঢেকে গেলে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।

“সকাল সোয়া ৮টার দিকে কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল শুরু করে। কিন্তু কিছুক্ষণ পরই নৌপথ আবার কুয়াশায় ঢেকে গেলে ফেরি চলা বন্ধ থাকে। পরে সকাল সাড়ে ১০টার দিকে ফেরি চলাচল সম্পূর্ণ স্বাভাবিক হয়।”

ফেরি বন্ধ থাকার সময় পাটুরিয়া ঘাটে ছয়টি, দৌলতদিয়ায় পাঁচটি ও মাঝ নদীতে পাঁচটি ফেরি যাত্রীসহ যানবাহন নিয়ে আটকা পড়ে বলে জানান ঘাট ব্যবস্থাপক আবদুল্লাহ মিয়া।

তিনি বলেন,  ফেরি বন্ধ থাকায় দৌলতদিয়া পারে প্রায় ৩০০ ও পাটুরিয়া পারে প্রায় ২০০ যানবাহন আটকা পড়ে।

প্রতিবছর শীতের মৌসুমে প্রায়ই ঘন কুয়াশার কারণে পদ্মায় ফেরি চলাচল ব্যাহত। এ বছর এর আগেও কয়েক দিন চার-পাঁচ ঘণ্টা করে পাটুরিয়া-দৌলতদিয়া ও শিমুলিয়া-কাওড়াকান্দি রুটে ফেরি চলাচল বন্ধ থেকেছে।