২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রমিক অসন্তোষ: মহিলা দলের নেতাসহ গ্রেপ্তার ৪

সাভারের আশুলিয়ায় শ্রমিক আন্দোলন উস্কে দেওয়ার অভিযোগে পুলিশের মামলায় বিএনপির সহযোগী সংগঠন মহিলা দল নেতা মিনি আক্তার উর্মিসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2016, 10:31 PM

Updated : 20 Aug 2022, 02:31 PM

বৃহস্পতিবার দুপুরে নবীনগর এলাকা থেকে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল তাদের গ্রেপ্তার করা বলে আশুলিয়া থানার ওসি মহসিনুল কাদির জানান।

এদিকে, গ্রেপ্তার ১১ জনকে  আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছে।

মিনি আক্তার সাভার উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান ও আশুলিয়া থানা মহিলা দলের সভাপতি।

গ্রেপ্তার অন্যরা হলেন মিনি আক্তারের বড় ভাই ঈসা, স্থানীয় বিএনপি নেতা দুলাল এবং ঝুট ব্যবসায়ী তোফাজ্জল।

বেতন বৃদ্ধিসহ অন্যান্য দাবিতে সোমবার আশুলিয়ার ২৫টি কারখানার শ্রমিকরা কাজ বন্ধ রেখে বিক্ষোভ শুরু করেন। এরই মধ‌্যে বাণিজ‌্য মন্ত্রী, নৌমন্ত্রী ও শ্রম প্রতিমন্ত্রী বিভিন্ন সংগঠনের সঙ্গে বৈঠক করে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলেও আন্দোলন অব‌্যাহত থাকে; মঙ্গলবার কাজ বন্ধ থাকে ৫৫ কারখানায়।    

বিভিন্ন সংগঠনের শ্রমিকনেতাদের পক্ষ থেকে বলা হয়, তারা আন্দোলনে সমর্থন না দিলেও শ্রমিকরা নিজেরাই সংগঠিত হয়ে কাজ বন্ধ করে দিয়েছে।

আর এ বিষয়টি ধরেই শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, কোনো একটা পক্ষ উদ্দেশ্যমূলকভাবে গুরুত্বপূর্ণ এই খাতের ক্ষতি করতে অসন্তোষ সৃষ্টি করছে।

শ্রমিকদের এই আন্দোলনকে ‘অবৈধ’আখ‌্যায়িত করে তিনি বলেন, শ্রমিকরা কাজে না ফিরলে তাদের বিরুদ্ধে কঠোর ব‌্যবস্থা নেওয়া হবে।

এরপর বিজিএমইএ এর পক্ষ থেকে আশুলিয়ার ৫৫ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে। বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে বৃহস্পতিবার পর্যন্ত ফাউন্টেন ও উইন্ডি গার্মেন্টস থেকে ২৫৬ জন শ্রমিককে সাময়িক বরখাস্ত করা হয়।

আশুলিয়া থানার ওসি মহসিনুল কাদির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভে উসকানি দেওয়া ও পোশাক কারখানায় বিশৃংঙ্খলা তৈরিতে মদদ দেওয়ার অভিযোগে বুধবার একটি মামলা করা হয়েছে।

“আশুলিয়া থানার এসআই মহিদুল ইসলামের দায়ের করা মামলায় ১৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত পরিচয় ৭০ জনকে আসামি করা হয়েছে। ওই মামলায় বুধবার গভীর রাতে থেকে এ পর্যন্ত ১১ জনকে গ্রেপ্তার করা হয়।”    

গ্রেপ্তার ১১ জনকে সন্ধ্যায় আদালতে নেওয়া হয়েছে জানিয়ে ওসি কাদির বলেন, তাদের জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের হেফাজতে (রিমান্ড) নেওয়ার আবেদন করা হয়। বিষয়টি শুনানির জন্য আগামী সোমবার দিন ঠিক রেখেছে আদালত।     

পুলিশের করা মামলাটি তদন্তে গোয়েন্দা পুলিশকে দায়িত্ব কাছে দেওয়া হয়েছে বলেও জানান  এ পুলিশ কর্মকর্তা।

মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন মামলাটির তদন্ত কর্মকর্তা ঢাকা জেলা (উত্তর) গোয়েন্দা পুলিশের পরিদর্শক এএফএম সায়েদ।

পুরনো খবর:

আশুলিয়ায় আরও ৫০০ শ্রমিকের ‍বিরুদ্ধে মামলা, আটক ১৯