জেলা পরিষদ নির্বাচন: মাগুরার ১৩ ভোটারকে তালিকাভুক্ত করার নির্দেশ
জেলা পরিষদ নির্বাচনের ভোটার তালিকা থেকে বাদ পড়া মাগুরার মহম্মদপুরের ১৩ জন প্রতিনিধিকে দুই দিনের মধ্যে তালিকাভুক্তির নির্দেশ দিয়েছে আদালত।
বৃহস্পতিবার বিকালে হাই কোর্টের একটি বেঞ্চ দুই কার্যদিবসের মধ্যে তাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার নির্দেশ দিয়েছে বলে জানিয়েছেন উপজেলার সদর ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য ফারুক হোসেন।
তিনি বলেন, আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠেয় জেলা পরিষদ নির্বাচনের ভোটার তালিকা গত ২০ নভেম্বর প্রকাশ করে নির্বাচন কমিশন। ওই তালিকায় উপজেলা সদর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আবুল হোসেন ও ১২ সদস্যের নাম না থাকায় গত সোমবার তিনি আদালতে রিট করেন।
“রিট আবেদনের প্রেক্ষিতে হাই কোর্টের একটি বেঞ্চ বৃহস্পতিবার বিকালে রুলসহ ১৩ জনকে ভোটার তালিকায় অর্ন্তভুক্ত করার এ আদেশ দেয়।”
মাগুরা জেলা নির্বাচন কর্মকর্তা আহম্মদ আলী বলেন, তিনি বিষয়টি লোক মুখে শুনেছেন। কিন্তু এখনও আদালতের কোনো নির্দেশনা পাননি।
গত ৩১ অক্টোবর মহম্মদপুর সদর ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। গত ২০ নভেম্বরের পর দায়িত্ব পাওয়ায় এ ইউনিয়নের চেয়ারম্যান ও ১২ সদস্যকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি।
