গাইবান্ধায় পরিবহন ধর্মঘট স্থগিত
গাইবান্ধায় মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ডাকা পরিবহন ধর্মঘট স্থগিত করা হয়েছে।
জেলা প্রশাসকের হস্তক্ষেপে বুধবার রাত পৌনে ৮টায় ধর্মঘট স্থগিত করা হয় বলে জেলা ট্রাক মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হোসেন জানান।
গাইবান্ধা চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রির দুপক্ষের দ্বন্দ্বের জেরে জেলা ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক মোক্তাদুর রহমান মিঠুর উপর হামলায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে বুধবার থেকে জেলার সকল রুটে এ পরিবহন ধর্মঘটের ডাক দেয় মালিক ও শ্রমিক ঐক্য পরিষদ।
এর আগে একই কারণে গত ১৩ ডিসেম্বর সন্ধ্যা থেকে জেলায় পরিবহন ধর্মঘট শুরু হয়। পরে বিজয় দিবস উপলক্ষে জেলা প্রশাসকের হস্তক্ষেপে ১৫ ডিসেম্বর সন্ধ্যায় ধর্মঘট স্থগিত করা হয়।
আবুল হোসেন বলেন, বুধবার রাতে জেলা প্রশাসক মো. আব্দুস সামাদের সঙ্গে মালিক ও শ্রমিক ঐক্য পরিষদের নেতাদের বৈঠক হয়। বৈঠকে আলোচনার পর আগামী ২৮ ডিসেম্বর জেলা পরিষদ নির্বাচনের জন্য পরিবহন ধর্মঘট স্থগিত করা হয়েছে।
