২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় পরিবহন ধর্মঘটে দুর্ভোগে যাত্রীরা

গাইবান্ধায় জেলা পরিবহন মালিক ও শ্রমিক ঐক্য পরিষদের ডাকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের কারণে দুর্ভোগে পড়েছে সাধারণ যাত্রীরা।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2016, 07:29 PM

Updated : 11 Oct 2022, 09:28 PM

জেলা চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রির দুপক্ষের দ্বন্দ্বের জেরে জেলা ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক মোক্তাদুর রহমান মিঠুর উপর হামলায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে বুধবার থেকে জেলার সকল রুটে এ পরিবহন ধর্মঘটের ডাক দেয় মালিক ও শ্রমিক ঐক্য পরিষদ।

গাইবান্ধা শহরের ব্রিজ রোডের বাসিন্দা জাকিউল আলম বললেন, “সকালে বগুড়া থেকে শহরে ফিরছিলাম। কোনো যানবাহন না থাকায় তিন কিলোমিটার পথ হেঁটে বাসায় আসতে হয়েছে।”

একই এলাকার চাকরিজীবী ফিরোজ কবির বলেন, “বাস চলছে না। তাই বাধ্য হয়ে পরিবারের লোকজন নিয়ে শহরমুখে হাঁটছি।”

গাইবান্ধা সদর থানার ওসি মেহেদী হাসান বলেন, হামলার ঘটনায় পিয়ারুল ইসলাম বাদী হয়ে ১৩ ডিসেম্বর রাতে ২৩ জনের নাম উল্লেখসহ ৪৩ জনের নামে একটি মামলা করেছেন। পুলিশ এ পর্যন্ত চার জনকে গ্রেপ্তার করেছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

এর আগে একই কারণে গত ১৩ ডিসেম্বর সন্ধ্যা থেকে জেলায় পরিবহন ধর্মঘট শুরু হয়। পরে বিজয় দিবস উপলক্ষে জেলা প্রশাসকের হস্তক্ষেপে ১৫ ডিসেম্বর সন্ধ্যায় ধর্মঘট স্থগিত করা হয়।