২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় প্রতিবেশীর ঘর থেকে লাশ উদ্ধার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে নিখোঁজের পরদিন প্রতিবেশীর শোয়ার ঘর থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2016, 03:23 PM

Updated : 20 Aug 2022, 02:31 PM

নিহত তোজাম্মেল হোসেন ওরফে তোজাম প্রধান (৫৫) উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের কামারপাড়া গ্রামের কছির উদ্দিনের ছেলে।

গোবিন্দগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আল মামুন মো. নাজমুল আহম্মেদ জানান, মঙ্গলবার সন্ধ্যায় তোজাম প্রধান বাড়ির পাশের বাজারে যান। এরপর তিনি আর ফেরেননি।

“বুধবার ভোরে প্রতিবেশী শামছুল আলীর শোয়ার ঘরের খাটের নিচে মাটির গর্তে তার লাশ দেখতে পায় পরিবার ও এলাকাবাসী।”

দুই পরিবারের মধ্যে জমির বিরোধ ছিল বলে জানান পরিদর্শক মামুন।

তিনি পরিবারের বরাত দিয়ে বলেন, সাত-আট মাস আগে শামছুল আলী জমি বিক্রির কথা বলে তোজাম প্রধানের কাছ থেকে প্রায় দুই লক্ষ টাকা অগ্রিম নেন। পরে তিনি জমি দলিল না করে দেওয়ায় তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়।

“এই বিরোধের জেরে তোজামকে অপহরণের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”

ঘটনার পর শামছুল আলম সপরিবার পালিয়ে গেছেন জানিয়ে পরিদর্শক মামুন বলেন, শামছুলকে আটকের চেষ্টা করছে পুলিশ। এ ঘটনায় নিহতের ছেলে এমদাদুল হক প্রধান থানায় মামলা করেছেন।

লাশ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।