ময়মনসিংহে বেসরকারি হাসপাতাল ধর্মঘটে
র্যাবের সঙ্গে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের লোকজনের সংঘর্ষের জেরে ময়মনসিংহে ধর্মঘটে নেমেছে প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন।
জেলার সব বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে বুধবার সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত এই ধর্মঘট ডাকা হয়েছে।
সংগঠনটির ময়মনসিংহ শাখার সভাপতি হরিশংকর দাস বলেন, “ভ্রাম্যমাণ আদালতের নামে বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারকে অহেতুকভাবে মোটা অঙ্কের জরিমানা করা হয়েছে।
“এতে সাধারণ রোগীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হওয়ায় আমাদের ব্যবসার সুনাম ক্ষুণ্ন হয়েছে। এর প্রতিবাদে এই ধর্মঘট ডাকা হয়।”
ভ্রাম্যমাণ আদালত কয়েকটি ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা করার পর মঙ্গলবার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজের সামনে র্যাবের সঙ্গে ক্লিনিক ও ডায়াগস্টিক সেন্টারের লোকজনের সংঘর্ষ হয়। এরপর হরিশংকরকে আটকের পর আবার ছেড়ে দেয় র্যাব।
