ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজ শিশুর গলায় ওড়না পেঁচানো লাশ
ব্রাহ্মণবাড়িয়ায় সদর উপজেলায় নিখোঁজ এক শিশুর গলায় ওড়না পেঁচানো লাশ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশের ধারণা, শিশুটিকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
সদর মডেল থানা পুলিশের এসআই নারায়ণ চন্দ্র দাস জানান, বুধবার বেলা সাড়ে ১১টার দিকে গ্রামের একটি বেগুন ক্ষেতে সাত বছর বয়সী ওই শিশুর লাশ পাওয়া যায়।
স্থানীয় একটি কিন্ডারগার্টেনের প্রথম শ্রেণির ছাত্রী ছিল মেয়েটি।
স্থানীয়দের বরাত দিয়ে এসআই নারায়ণ বলেন, মঙ্গলবার সন্ধ্যায় গ্রামের এক মাহফিল দেখার জন্য বাড়ি থেকে বের হয় মেয়েটি। রাত সাড়ে ৮টার দিকে এলাকার একটি মুদি দোকান থেকে চকলেট কেনার পর নিখোঁজ হয় সে।
পরিবারের সদস্যরা আশপাশে অনেক খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান না পেয়ে পুলিশকে জানান।
সকালে স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ গিয়ে ওড়না পেঁচানো অবস্থায় শিশুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় বলে এসআই নারায়ণ জানান।
তিনি বলেন, “শিশুটিকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করছি আমরা। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে নিশ্চিত হওয়া যাবে।”
