২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উৎসবের আমেজ ধরে রাখার আহ্বান আইভীর

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে প্রচারণার শেষ দিনে সেলিনা হায়াৎ আইভী ভোটারদের উদ্দেশে গত ২০ দিনের উৎসবের আমেজ ধরে রাখার আহ্বান জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2016, 01:34 PM

Updated : 25 Jul 2022, 09:34 PM

নগরীর ১৫ নম্বর ওয়ার্ডের দেওভোগ ও বাবুরাইল এলাকায় মঙ্গলবার সকালে গণসংযোগকালে এ আহ্বান জানান আওয়ামী লীগের মেয়র প্রার্থী।

বৃহস্পতিবার অনুষ্ঠেয় নির্বাচনের প্রচারণার শেষ দিন মঙ্গলবার রাত ১২টা। বুধবার কোনো ধরনের প্রচারণা না থাকলেও ভোটাররা যেন উৎসবের আমেজ ধরে রাখেন সেই আহ্বান জানান আইভী।

তিনি তার প্রথম মেয়াদে শুরু করা কাজগুলো সম্পন্ন করার জন্য তাকে দ্বিতীয় মেয়াদে নির্বাচিত করার আহ্বান জানান।

তিনি বলেন, “আমার মূল অঙ্গীকার চলমান কাজগুলো চালু রাখা। আমার অনেক কাজ চলমান রয়েছে। সেই কাজগুলো সম্পন্ন করা। উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখা। মানুষ যা দাবি করেছে তা আমার ভবিষ্যৎ পরিকল্পনার মধ্যে রয়েছে।”

স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা রয়েছে জানিয়ে আইভী ভোটারদের উদ্দেশে বলেন, “গত ২০ দিনের উৎসবমুখর আমেজ আপনারা আগামী কালও রাখবেন। সকলেই যেন উৎসবমুখর পরিবেশে ভোট কেন্দ্রে আসেন।

“আগামী ২২ ডিসেম্বর ভোটের দিনটি আমরা উৎসবমুখর পরিবেশে পালন করতে চাই। আমি সকলকে ভোটকেন্দ্রে আসার জন্য এবং ভোট দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি।”

নির্বাচন কমিশন ও সরকারের উদ্দেশে আইভী বলেন, “আমার আহ্বান থাকবে তারা আরও কঠোর হোক, মানুষ যেন নির্বিঘ্নে ভোটকেন্দ্রে ভোট দিতে আসতে পারে।”

বিএনপির মেয়র প্রার্থী সাখাওয়াত হোসেনের হুমকি দেওয়ার অভিযোগ প্রসঙ্গে আইভী বলেন, “তাকে আমি বলেছি, যদি কেউ আপনার দলের নেতা-কর্মীদের হুমকি দেয়, তাহলে আমাকে জানান, আমরা তাদের আইনের হাতে তুলে দেব। কিন্তু তিনি (সাখাওয়াত) শুধু গণমাধ্যমের কাছে অভিযোগ করছেন।”

জনসংযোগকালে আইভীর সঙ্গে স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।