কুমিল্লায় বাস খাদে পড়ে নিহত ২
কুমিল্লার লাকসাম উপজেলায় বাস খাদে পড়ে এক নারীসহ দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন।
সোমবার গভীর রাতে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের বাশঁপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে লালমাই হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট মো. ইব্রাহিম খলিল জানান।
নিহতরা হলেন ঝালকাটি রাজাপুরের ছোট কবুতরখালীর খলিল মোল্লা (৩০) ও বরিশালের জাহানপুর বাবুগঞ্জের কামাল উদ্দিনের স্ত্রী শাহানাজ বেগম (৩৫)।
আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের পরিচয় জানা যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে সার্জেন্ট ইব্রাহিম বলেন, রাত ১১টার দিকে বাসটি ঢাকা থেকে চাঁদপুর যাচ্ছিল। পথে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তার পাশের একটি খাদে পড়ে যায়।
“এতে ঘটনাস্থলেই খলিল ও শাহানাজ নিহত হন।”
খবর পেয়ে পুলিশ তাদের লাশ উদ্ধার করে ময়ন্তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ মর্গে পাঠায় বলে জানান তিনি।
এ ঘটনায় লাকসাম থানায় একটি মামলা করা হয়েছে।
