২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গুলিবিদ্ধ রোহিঙ্গার মৃত্যু শরণার্থী ক্যাম্পে

কক্সবাজারের টেকনাফে অনিবন্ধিত একটি শরণার্থী ক্যাম্পে গুলিবিদ্ধ এক রোহিঙ্গার মৃত্যু হয়েছে, যিনি মিয়ানমারে গুলিবিদ্ধ হওয়ার পর সীমান্ত পার হন বলে স্বজনদের দাবি।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2016, 05:46 PM

Updated : 12 Apr 2022, 03:32 AM

সোমবার বেলা ৩টার দিকে টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদা ক্যাম্প থেকে ৪৫ বছর বয়সী শাহ আলমের লাশ উদ্ধার করা হয় বলে টেকনাফ থানার পরিদর্শক (তদন্ত) শেখ আশরাফুজ্জামান জানান।

মিয়ানমারে অভিযানকারী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে শাহ আলম আহত হয়ে বাংলাদেশে মারা যান বলে স্বজনদের দাবি।

তিনি মিয়ানমারের আকিয়াব জেলার মংডু থানার মাঙ্গালা এলাকার ছৈয়দুল আমিনের ছেলে বলেও তারা জানান।

তবে শাহ আলম অনুপ্রবেশকারী রোহিঙ্গা কিনা তা পুলিশ নিশ্চিত করতে পারেনি। 

শাহ আলমের মামাত ভাই পরিচয় দিয়ে একই শরণার্থী ক্যাম্পের বাসিন্দা মোহাম্মদ ইলিয়াছ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভোরে শাহ আলমসহ ১৫/২০ জন রোহিঙ্গা টেকনাফ সীমান্ত দিয়ে লেদা রোহিঙ্গা ক্যাম্পে অনুপ্রবেশ করে। এদের মধ্যে শাহ আলম ‘মিয়ানমারের সেনাবাহিনীর গুলিতে’ আহত ছিলেন।

“সীমান্ত পার হওয়ার পর শাহ আলম লেদা রোহিঙ্গা ক্যাম্পের এ-ব্লকের ১০৬ নম্বর শেডে তার বোন রমিদা আক্তারের বাসায় আশ্রয় নেন। সেখানে বেলা ১২টার দিকে তার মৃত্যু হয়।”

তার বুকের বাম পাশে গুলির চিহ্ন রয়েছে বলে জানান ইলিয়াস।

নিহতের বোন রমিদার বরাত দিয়ে ইলিয়াছ বলেন, “রোববার সন্ধ্যায় মিয়ানমারের অকিয়াব জেলার মংডু থানার মাঙ্গালা পাড়ায় অভিযান চালায় সেদেশের আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী। তারা এতে শাহ আলমসহ বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়েছিলেন।”

এ ঘটনার পর মাঙ্গালা পাড়া থেকে রোহিঙ্গাদের একটি দল সোমবার ভোরে নাফ নদী পার হয়ে টেকনাফে অনুপ্রবেশ করে বলে জানান তিনি।

পরিদর্শক আশরাফুজ্জামান জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে টেকনাফের লেদার অনিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্প থেকে পুলিশ গুলিবিদ্ধ রোহিঙ্গা শাহ আলমের লাশ উদ্ধার করেছে। 

লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে বাংলাদেশে প্রবেশ ও তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা যায়নি বলে জানান তিনি।