২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুলিয়ার ২৫ কারখানায় কাজ বন্ধ

সর্বনিম্ন মজুরি ১৬ হাজার টাকার দাবিতে সাভারের আশুলিয়া এলাকার অন্তত ২৫টি পোশাক কারখানায় কাজ বন্ধ রেখেছেন শ্রমিকরা।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2016, 01:50 PM

Updated : 11 Oct 2022, 09:27 PM

এর পেছনে ষড়যন্ত্র থাকতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ।

আশুলিয়া থানার ওসি মহসিনুল কাদির বলেন, সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত আশুলিয়ার বিভিন্ন এলাকার অন্তত ২৫টি পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ দেখাতে দেখাতে কারখানা থেকে বেরিয়ে চলে যান।

শ্রমিকদের দাবি সম্পর্কে পোশাক শ্রমিক ট্রেড ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক খায়রুল মামুন মিন্টু বলছেন, বর্তমানে শ্রমিকদের সর্বনিম্ন মজুরি দেওয়া হচ্ছে ৫ হাজার ৩০০ টাকা।

“দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও বাসাভাড়া বাড়ার কারণে এ টাকা দিয়ে একজন শ্রমিক চলতে পারে না। তাই তারা সর্বনিম্ন মজুরি ১৬ হাজার টাকার দাবিতে আন্দোলন করছে।”

আশুলিয়ার জামগড়া, নরসিংহপুর ও বেরনসহ আশপাশের কারখানায় প্রায় এক সপ্তাহ ধরে শ্রমিক অসন্তোষ দেখা যাচ্ছে। এতে দুশ্চিন্তায় পড়েছে কারখানা কর্তৃপক্ষ।

জামগড়ার দি রোজ ড্রেসেস লিমিটেডের মহাব্যবস্থাপক সাধন কুমার দে বলেন, কয়েক দিন ধরে আশুলিয়ার বেশ কিছু কারখানায় মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিক অসন্তোষ চলে আসছে।

“সময়মতো শিফমেন্টের কাজ করতে পারছি না। সমস্যার দ্রুত সমাধান না হলে লোকসান গুনতে হবে।”

সমস্যা সামাধানে আলোচনা চলছে বলে জানান সাধন কুমার।

সোমবার ওই এলাকায় অতিরিক্ত পুলিশ দেখা গেছে।

আশুলিয়া থানার ওসি মহসিনুল কাদির বলেন, উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

প্রায় এক সপ্তাহ ধরে অসন্তোষ অব্যাহত  থাকায় রোববার সন্ধ্যায় আশুলিয়ার বাইপাইল এলাকার একটি কমিউনিটি সেন্টারে ঢাকা জেলা পুলিশের আয়োজনে ও গার্মেন্টস শ্রমিক সমন্বয় পরিষদের উদ্যোগে এক সংবাদ সম্মেলন হয়।

সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের বক্তব্যে ষড়যন্ত্রের ইঙ্গিত মেলে।

মন্ত্রী বলেন, “পোশাকশিল্পের শ্রমিকদের নিয়ে কেউ ষড়যন্ত্র করলে তাদের চিহ্নিত করা হবে, সরকার কারও রক্তচক্ষুকে ভয় পায় না।”

শ্রমিকদের বিভিন্ন সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান করা হবে জানিয়ে তিনি বলেন, শ্রমিকদের জন্য সরকার সব সময় কাজ করছে।

অসন্তোষ থেকে বিরত থাকার জন্য শ্রমিক সংগঠনের নেতাদের প্রতি আহব্বান জানান নৌ ও পরিবহনমন্ত্রী মো. শাজাহান খান।

সর্বনিম্ন বেতন ১৬ হাজার টাকা সম্পর্কে সংবাদ সম্মেলনে উপস্থিত শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু বলেন, শ্রমিকরা যে দাবি করছে সে বিষয়ে তাদের কোনো ধারণা নেই, এমনকি শ্রমিক নেতারাও জানেন না। ফলে এই অসন্তোষ।

সংবাদ সম্মেলনে ঢাকা রেঞ্জের ডিআইজি এস এম মাফুজুল হক নুরুজ্জামান ও বিভিন্ন কারখানা কর্তৃপক্ষসহ শ্রমিক সংগঠনের নেতারা ছিলেন।