২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে সাফারি পার্কের বাইরে সংঘর্ষ

গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের বাইরে দোকান বসানো নিয়ে বহিরাগতদের সঙ্গে প্রহরীদের সংঘর্ষ হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2016, 08:09 PM

Updated : 20 Aug 2022, 02:29 PM

শনিবার বনকর্মী ও বহিরাগতদের মধ্যে দুই দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে বলে সাফারি পার্কের বনকর্মকর্তা মো. মঞ্জুরুল আলম জানান।

তিনি বলেন, “সাফারি পার্কের বাইরে মূল ফটকের সামনে পার্কিং জোনে বহিরাগতদের তোলা অস্থায়ী দোকানপাট সরিয়ে নিতে বলে প্রহরীরা। এ সময় স্থানীয় সিরাজুল ও তার সহযোগীরা প্রহরীদের সঙ্গে কথা কাটাকাটি শুরু করে এবং অস্ত্র ছিনিয়ে নেয়ার চেষ্টা করে।” 

পরে তাদের মধ্যে দুই বার ধাওয়া -পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে প্রহরীরা কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানান বনকর্মকর্তা মঞ্জুরুল।

শ্রীপুর থানার এসআই সৈয়দ আজিজুল হক বলেন, পার্কিংয়ের জায়গা থেকে দোকানপাট সরাতে গিয়ে বহিরাগতদের সঙ্গে বন প্রহরীদের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় কোনো মামলা হয়নি।