ফরিদপুর মুক্ত হয় ১৭ ডিসেম্বর
একাত্তরের ১৬ ডিসেম্বর ঢাকার রেসকোর্স ময়দানে আনুষ্ঠানিকভাবে পাকিস্তান সেনাবাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে বাংলাদেশের বিজয় সূচিত হলেও ফরিদপুর মুক্ত হয় একদিন পর।
মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ বাবুল জানান, ১৭ ডিসেম্বর সকালে ফরিদপুরে অবস্থানরত পাকিস্তান সেনাবাহিনীর যশোর ক্যন্টনমেন্টের রিজিওনাল হেড কোয়ার্টারের প্রধান ব্রিগ্রেডিয়ার মঞ্জুর জাহানজের আবরার-এর কাছে আত্মসর্পণ করতে জন্য বার্তা পাঠায় মুক্তিবাহিনী।
“কিন্তু আবরার মুক্তিবাহিনীর কাছে আত্মসমর্পণে অস্বীকৃতি জানান। তিনি ভারতীয় বাহিনীর কাছে আত্মসমর্পণ করবেন বলে জানান।”
তিনি বলেন, ওইদিন বেলা ১০টার দিকে ৮ নম্বর সেক্টরেরর অধীন ঝিনাইদহ, মাগুরা, ফরিদপুরসহ এ অঞ্চলের মিত্র বাহিনীর অধিনায়ক ব্রিগেডিয়ার রাজেন্দ্রনাথ ফরিদপুর আসেন। বেলা ১১টার দিকে শহরের কমলাপুরে জমিদারবাড়ি হিসেবে খ্যাত ময়েজ মঞ্জিল লনে পাকিস্তান বাহিনীর কর্মকর্তারা সমবেত হন।
“এ সময় ব্রিগেডিয়ার মঞ্জুর জাহানজের আবরার পিস্তলের ম্যাগাজিন খুলে ভারতীয় ব্রিগেডিয়ারের হাতে তুলে দিয়ে আত্মসমর্পণ করেন।”
ওই সময় মিত্র বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে মুক্তিযোদ্ধারাও সেখানে উপস্থিত ছিলেন বলে জানান বাবুল।
বাংলাদেশ লিবারেশন ফোর্সের (বিএলএফ) ফরিদপুর জেলা কমান্ডার শাহ মো. আবু জাফর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেলা ১১টার দিকে ময়েজ মঞ্জিলে পাকিস্তানি ব্রিগেডিয়ার আবরার আত্মসমর্পণ করলেও তার বাহিনীর সৈনিকরা ফরিদপুর পুলিশ লাইস-এ আত্মসমর্পণ করেন বিকাল ৪টার দিকে।
পরে বিকালে সার্কিট হাউসে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয় বলে জানান আবু জাফর।
