বিজয় দিবসে শ্রদ্ধা জানিয়ে ভোটের প্রচারে আইভী-সাখাওয়াত
বিজয়ের ৪৫ বছর উদযাপনের দিনে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েই ভোটের প্রচারে ব্যস্ত সময় কাটাচ্ছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বী দুই বড় দলের মেয়র প্রার্থীরা।
শুক্রবার সকাল সাড়ে ৯টায় চাষাড়ার বিজয় স্তম্ভে শ্রদ্ধা জানান বিএনপির প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন। ঘণ্টা দেড়েক পর ২ নম্বর রেলগেইট এলাকায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের সেলিনা হায়াত আইভী।
আগামী ২২ ডিসেম্বর সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে প্রতিদ্বন্দ্বী এ দুই প্রার্থী দিন-রাত ছুটে চলছেন ভোটারদের কাছে, চাইছেন ভোট। এর মধ্যে বিজয় দিবস পাওয়ায় তাদের প্রচারে যুক্ত হয়েছে ভিন্ন মাত্রা।
চাষাড়ায় বিজয় স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর সাখাওয়াত ২১ নম্বর ওয়ার্ডের রেললাইন, সমরক্ষেত্র ও বাঘবাড়ি এলাকায় গণসংযোগ করেন। দলীয় নেতাকর্মীরাও তার সঙ্গে আছেন। পরে ২২ ও ২৩ নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সমর্থন চান তারা।
শ্রদ্ধা নিবেদনের পর বিএনপির প্রার্থী সাংবাদিকদের বলেন, নির্বাচনের পরিবেশ নিয়ে ভোটারদের মধ্যে ‘শঙ্কা আছে’।
“সুষ্ঠু নির্বাচন হলে ফলাফল যাই হোক মেনে নেব। ধানের শীষের প্রতি গণজোয়ারের সৃষ্টি হয়েছে। এই গণজোয়ার ছিনিয়ে নিতে সরকারি দল যেন কোনো প্রকার ইলেকশন ইঞ্জিনিয়ারিং না করে সে ব্যাপারে নির্বাচন কমিশনকে সজাগ থাকতে হবে।”
“নারায়ণগঞ্জে আরও অনেক উন্নয়ন দরকার। আমরা যে পরিমাণ রেভিনিউ দিচ্ছি, সেই তুলনায় উন্নয়ন কম হয়েছে। যদিও গত পাঁ৭ বছর অনেক উন্নয়ন হয়েছে, দ্রুত গতিতে কাজ হয়েছে।”
ডাম্পিং প্রজেক্ট, শীতলক্ষ্যা সেতু, জিমখানা লেক, বাবুরাইল খাল খননসহ বেশ কয়েকটি কাজের প্রস্তাব মন্ত্রণালয়ে জমা দেওয়া আছে জানিয়ে আইভী বলেন, “৩০০ কোটি টাকার একটি প্রজেক্টের কাজ চলছে, বাকিগুলোও হয়ে যাবে।”
সন্ত্রাসীদের কোনো দল, ধর্ম ও জাত নেই বলেও মন্তব্য করেন সাবেক মেয়র। সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করতে মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
আইভী বিকালে ১৯, ২০ ও ২১ নম্বর ওয়ার্ডে গণসংযোগ করবেন বলে দলীয় নেতাকর্মীরা জানিয়েছেন।
