ময়মনসিংহ থেকে ট্রেন চলাচল স্বাভাবিক
গার্ডদের কর্মবিরতিতে কয়েকঘণ্টা বন্ধ থাকার পর ময়মনসিংহ থেকে ট্রেন চলাচল আবার স্বাভাবিক হয়েছে।
বুধবার বিকাল ৫টার পর ট্রেন চলাচল শুরু হয় বলে ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি আব্দুল্লাহ আহসান জানান।
গার্ডরা সিগন্যাল না দেওয়ায় দুপুরে এই স্টেশন থেকে বিভিন্ন রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
ময়মনসিংহের স্টেশন সুপার হরি গোপাল সেন বলেন, কয়েকদিন আগে গার্ডদের সঙ্গে সমন্বয় করে রেলওয়ের অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরা গার্ড রুমে তাদের বিশ্রামাগার নির্মাণের সিদ্ধান্ত নেন।
“সেই সিন্ধান্ত অনুযায়ী বুধবার দুপুরে অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরা গার্ডদের স্টোর রুম থেকে মালামাল সরানোর নির্দেশ দেন। গার্ডরা মালামাল না সরালে নিজেরাই স্টোর রুমের মালামাল সরিয়ে তালা দিয়ে দেন।”
এর জেরে গার্ডরা ময়মনসিংহ থেকে সব রুটে ট্রেন চলাচল বন্ধ করে দেন বলে জানান তিনি।
ওসি আব্দুল্লাহ বলেন, এ বিষয়টির মীমাংসা করার জন্য দুপুরের পর অতিরিক্ত জেলা ম্যজিস্ট্রেট আরিফ আহমেদ দুপক্ষকে নিয়ে বৈঠকে বসেন। সেখানে গার্ডদের জন্য বিকল্প একটি কক্ষের ব্যবস্থা করার আশ্বাস দিলে তারা কাজে ফিরে যান।
বৈঠকে অন্যান্যের মধ্যে রেলওয়ে থানার ওসি আব্দুল্লাহ আহসান ও স্টেশন সুপার হরিগোপাল সাহা উপস্থিত ছিলেন।
