বিশ্ব ইজতেমা ১৩ জানুয়ারি
আগামী বছরের ১৩ জানুয়ারি টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমা শুরু হচ্ছে।
বিশ্ব ইজতেমা নিয়ে বুধবার এক সভা শেষে এ তথ্য জানিয়েছেন গাজীপুরের জেলা প্রশাসক এসএম আলম।
তিনি বলেন, আগামী ১৩-১৫ ও ২০-২২ জানুয়ারি দুই পর্বে টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। এবারও পাঁচ স্তরের বিশেষ নিরাপত্তা, মুসল্লিদের চিকিৎসা সেবায় ১৪টি অ্যাম্বুলেন্স, বিআরটিসির ৩৫০টি বাসসহ বিভিন্ন ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।
ইজতেমার সম্পর্কিত সকল কর্মকাণ্ড সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট দপ্তর প্রধানদের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসক আলম।
সভায় গাজীপুর সিটি করপোরেশনের সচিব মো. আসলাম হোসেন, গাজীপুরের স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক জামিল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাহমুদ হাসান, সিভিল সার্জন আলী হায়দার খান, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. আমিরুল ইসলাম খান, সওজের নির্বাহী প্রকৌশলী নাহিদ রেজা, র্যাব-১ এর পোড়াবাড়ি কোম্পানি কমান্ডার মহিউল ইসলাম, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ওয়াজ উদ্দিন মিয়া, তাবলীগ জামাতের মুরুব্বি গিয়াস উদ্দিন, মাহফুজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
১৯৬৭ সাল থেকে নিয়মিত ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে। চাপ কমাতে ২০১১ সাল থেকে দুই পর্বে ইজতেমা আয়োজন করা হচ্ছে।
