তারাপুর চা-বাগান: রাগীবের এক মামলায় সাক্ষ্য গ্রহণ শেষ
ভূমি মন্ত্রণালয়ের স্মারক (চিঠি) জালিয়াতি মামলায় সিলেটের বিতর্কিত ব্যবসায়ী রাগীব আলী ও তার ছেলে আব্দুল হাইয়ের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে।
সিলেটের মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক সাইফুজ্জামান হিরো বুধবার দুপুরে সাক্ষ্যগ্রহণ সমাপ্ত ঘোষণা করেন।
আদালতের অতিরিক্ত পিপি মাহফুজুর রহমান বলেন, বহুল আলোচিত এ মামলায় ১৪ সাক্ষীর মধ্যে ১১ জনের সাক্ষ্য নেওয়ার পর বিচারক সাইফুজ্জামান হিরো সাক্ষ্যগ্রহণ সমাপ্ত ঘোষণা করেন। যুক্তিতর্ক উপস্থাপনের দিন পরে ঠিক করা হবে।
আসামিরা ১৯৯০ সালে সিলেটের তারাপুর চা-বাগানসহ হাজার কোটি টাকার দেবোত্তর সম্পত্তি অবৈধভাবে আত্মসাতের জন্য ভূমি মন্ত্রণালয়ের স্মারক জাল করেন। পরে ওই জমি অবৈধ স্থাপনা নির্মাণের মাধ্যমে আত্মসাৎ করেন বলে অভিযোগ আনা হয়েছে মামলায়।
স্মারক জালিয়াতি মামলা ছাড়াও আত্মসাতের একটি মামলাও করা হয়েছে রাগীব আলী ও তার ছেলে আব্দুল হাইসহ আরও চারজনের বিরুদ্ধে।
অন্য চার আসামি হলেন তারাপুর চা-বাগানের সেবায়েত পংকজ কুমার গুপ্ত, রাগীব আলীর আত্মীয় মৌলভীবাজারের রাজনগরের বাসিন্দা দেওয়ান মোস্তাক মজিদ, রাগীবের জামাতা আবদুল কাদির ও মেয়ে রুজিনা কাদির।
ভূমি আত্মসাতের মালাটির অভিযোগ গঠন হয়েছে ৪ ডিসেম্বর। সাক্ষ্যগ্রহণের দিন এখনও ঠিক হয়নি।
মামলার অভিযোগ অনুযায়ী, আসামিরা ১৯৯০ সালে ভুয়া সেবায়েত সাজিয়ে তারাপুর চা-বাগানটির দখল নেন। ৪২২ দশমিক ৯৬ একর জায়গায় গড়ে ওঠা তারাপুর চা-বাগানের পুরোটাই দেবোত্তর সম্পত্তি। আত্মসাতের প্রক্রিয়ায় আসামিরা ভূমি মন্ত্রণালয়ের স্মারক (চিঠি) জাল করেন।
