সাড়া ফেলেছে ফরিদপুরের ছবির হাট
ফরিদপুর আর্ট ইনস্টিটিউটের উদ্যোগে আয়োজিত দুই দিনের ছবির হাট সাড়া ফেলেছে এলাকাবাসীর মধ্যে।
স্থানীয় ১১ শিল্পীর শতাধিক ছবি নিয়ে ফরিদপুর শহরের অম্বিকা ময়দানে এ হাটের আয়োজন করা হয়। হাটে আসেন এলাকার অনেকেই। কিনেছেনও অনেকে।
ইনস্টিটিউটের পরিচালক সাজেদুল ইসলাম তাতা বলেন, “বিজয়ের মাস ডিসেম্বর উপলক্ষে ছবির হাটের আয়োজন করা হয়। হাট মানে দামাদামি করে জিনিস কেনাবেচা, আমাদের উদ্দেশ্যও তাই।
“আমাদের প্রত্যাশা, হাটে ছবি কিনতে বা দেখতে আসবেন সব ধরনের মানুষ। এতে মানুষের মধ্যে ছবির প্রতি ভালোবাসা বাড়বে।”
হাটে জল রং, তেল রং, অ্যাক্রিলিক ও কালি-কলম মাধ্যমে আঁকা শতাধিক ছবির প্রদর্শনী হয়। অনেকেই মুগ্ধ হয়ে দরদাম করে তার পছন্দের ছবিটা সংগ্রহ করেন।
হাটে আসা গৃহিণী সালফিয়া আল খায়ের বিডিনিউজ টোয়েন্টিফোরকে ডটকমকে বলেন, “এ ধরনের আয়োজন দেথে আমরা মুগ্ধ হয়েছি। প্রতিবছর এজাতীয় আয়োজন বেশি বেশি করা উচিত। ছেলেমেয়েদের মানসিক বিকাশের জন্য এটা গুরুত্বপূর্ণ।”
সালফিয়া দুটি ছবি কিনেছেন বলে জানান।
গৃহিণী শারমিন ইয়াসমিন বলেন, “এই প্রথম ফরিদপুরে ছবির হাট বসল। এটা আমাদের মুগ্ধ করেছে। তবে শুধু দুই দিনের জন্য করলে হবে না, প্রতিবছর আরও বেশি সময়ের জন্য আয়োজন করতে হবে।”
ছবির হাটের খবর শুনে দেখতে এসেছেন সরকারি রাজেন্দ্র কলেজের ইংরেজি বিভাগের সম্মান শেষ বর্ষের শিক্ষার্থী ফাতেমাতুজ জোহরা নিপা।
তিনি বলেন, “হাটে বিভিন্ন ধরনের ছবি দেখতে পাচ্ছি। প্রকৃতি ও নিসর্গজাতীয় ছবিগুলো বেশ ভালো লাগছে।”
শুক্র ও শনিবার সকাল ৯টা রাত ১০টা পর্যন্ত এই হাটের আয়োজন করা হয়।
হাটে এক হাজার টাকা থেকে ৫০ হাজার টাকা দামের মোট ১২টি ছবি বিক্রি হয়েছে বলে জানান আয়োজক প্রতিষ্ঠানের পরিচালক সাজেদুল ইসলাম।
