সেনা প্রশ্নে আইভীর ইচ্ছায় ইসির সায়: সাখাওয়াত
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে সেনা মোতায়েন না করার সিদ্ধান্ত নিয়ে নির্বাচন কমিশন কার্যত ক্ষমতাসীন দলের প্রার্থীর ইচ্ছার প্রতিফলন ঘটিয়েছে বলে দাবি করেছেন বিএনপির মেয়র প্রার্থী সাখাওয়াত হোসেন খান।
রোববার নগরীর ১৮ নম্বর ওয়ার্ডের গণসংযোগের সময় সাখাওয়াত ভোটের সাত দিন আগে সেনা মোতায়েনের দাবি আবারও জানান।
২২ ডিসেম্বর অনুষ্ঠেয় এই নির্বাচনে সেনা মোতায়েন না করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে সিইসি কাজী রকিবউদ্দীন আহমদ বলেন, নারায়ণগঞ্জের পরিস্থিতি ‘স্বাভাবিকের চেয়ে ভালো’ রয়েছে।
সদ্য বিদায়ী মেয়র আইভী গত নির্বাচনের সময় সেনা মোতায়েনের দাবি জানিয়েছিলেন, তবে তার দাবি পূরণ হয়নি। এবার সেনা মোতায়েনের প্রয়োজন দেখছেন না তিনি।
“আইনশৃঙ্খলা রক্ষার জন্য নির্বাচনের সাত দিন আগে নারায়ণগঞ্জে সেনাবাহিনী নিয়োগ দেওয়া হোক,” দাবি করেন বিএনপি প্রার্থী।
দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে সঙ্গে নিয়ে দুপুরে ১৮ নম্বর ওয়ার্ডের শীতলক্ষ্যা, মাছুয়া বাজার, ডিয়ারা, তোলারামের মোড়ে গণসংযোগ করেন সাখাওয়াত।
শামসুজ্জামান দুদুও সেনা মোতায়েনের জন্য নির্বাচন কমিশনের প্রতি অনুরোধ জানান।
