২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনে সেনা মোতায়েনের প্রয়োজন নেই: আইভী

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী সেলিনা হায়াৎ আইভী বলেছেন, নির্বাচনে সেনা বাহিনী মোতায়েনের দরকার নেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2016, 02:46 PM

Updated : 20 Aug 2022, 02:19 PM

মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেওয়ার শেষ দিন বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ ক্লাব কমিউনিটি সেন্টারে নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন সদ্য সাবেক এই মেয়র।

আইভী সাংবাদিকদের বলেন, “নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে নির্বাচন কমিশনই সকল পদক্ষেপ নেবে। নির্বাচনে সেনা মোতায়েনের দরকার নেই।”

২২ ডিসেম্বর প্রথমবারের মতো দলীয় ভিত্তিতে অনুষ্ঠেয় এই নির্বাচনে বিএনপি বরাবরের মতোই সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সেনা বাহিনী মোতায়েনের দাবি জানিয়েছে।

নারায়ণগঞ্জ সিটির গত নির্বাচনের আগের দিন সেনা মোতায়েন না করাকে অন্যতম কারণ দেখিয়ে দলীয় সিদ্ধান্তে বিএনপি ভোট থেকে সরে আসার ঘোষণা দিয়েছিল।

এই নির্বাচনেও মনোনয়নের প্রক্রিয়া চলার সময়েই নৌকা প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলেছে বিএনপির প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন।

তবে অভিযোগ নাকচ করে আইভী বলেন, “আমি কোনো আচরণবিধি লঙ্ঘন করিনি এবং করব না। গতবারও আমি কোনো ধরনের আচরণবিধি লঙ্ঘন করিনি, এবারও করব না।”

মনোনয়নপত্র জমা দেওয়ার সময় সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, জেলা যুবলীগের সভাপতি আব্দুর কাদির, ত্বকী মঞ্চের আহ্বায়ক ও নিহত ত্বকীর বাবা রফিউর রাব্বি ও শিল্পপতি আব্দুর রাশেদ রাশু আইভীর সঙ্গে ছিলেন।

দলীয় মনোনয়রেন বিষয়ে তিনি বলেন, “আমার দল আমাকে প্রার্থী করেছে। তৃণমূল আওয়ামী লীগের নেতা-কর্মীরা এতে খুশি। তাদের আনন্দই আমার আনন্দ।

“সাধারণ মানুষের যে চাহিদা, সেই চাহিদার প্রতিফলন ঘটেছে। সেটাই আমি খুশি, আমার সমস্ত লোকজন খুশি।”

প্রায় একই সময় বিএনপির প্রার্থী সাখাওয়াত হোসেন ও অন্য দুই মেয়র প্রার্থীও মনোনয়নপত্র জমা দেন।

নির্বাচন কর্মকর্তা মো. নুরুজ্জামান জানান, আওয়ামী লীগ ও বিএনপিসহ বৃহস্পতিবার দুপুর ১টা পর্যন্ত মোট চার মেয়র প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

অন্য দুই মেয়র প্রার্থী হলেন- বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মাহবুবুর রহমান ইসমাইল ও এলডিপির কামাল প্রধান।

বুধবার পর্যন্ত মেয়র পদে ৯ জন, সাধারণ কাউন্সিলর পদে ১৮৮ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৪০ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

তাদের মধ্যে মেয়র পদে ৪ জন, সাধারণ কাউন্সিলর পদে ১০০ ও নারী কাউন্সিলর পদে ১৮ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বৃহস্পতিবার বিকাল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। শুক্র ও শনিবার মনোনয়নপত্র যাচাই-বাছাই, ৪ ডিসেম্বর প্রত্যাহার ও ৫ ডিসেম্বর প্রতীক বরাদ্দ করা হবে।