সাতক্ষীরায় হাতবোমা বানাতে গিয়ে বিস্ফোরণ, আহত ২
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় হাতবোমা বানানোর সময় বিস্ফোরণে দুইজন আহত হয়েছে, যারা ডাকাত বলে জানিয়েছে পুলিশ।
রোববার বিকালে উপজেলার বাজারগ্রামে একটি ঘেরে এ ঘটনা ঘটে বলে কালিগঞ্জ থানার ওসি লস্কর জাহেদুল হক জানান।
আহতরা হলেন, উপজেলার বেলেডাঙ্গা গ্রামের ফজর আলী ও কালিকাপুর গ্রামের ইছা শেখ।
তাদের পুলিশ পাহারায় সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ওসি বলেন, “গ্রামের একটি ঘেরের বাসায় হাতবোমা বানাতে গিয়ে বিস্ফোরণে আহত হন তারা। পরে তাদের আটক করে সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
“আহতরা ডাকাত বলে জানা গেছে।”
