২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনা মেডিকেলের ‘নিখোঁজ’ এক ছাত্র বাড়ি ফিরেছেন

পাবনা মেডিকেল কলেজের ‘নিখোঁজ’ এক শিক্ষার্থী বাড়ি ফিরেছেন। তিনি রাগ করে কাউকে না বলে ঢাকায় বেড়াতে গিয়েছিলেন বলে স্বজনরা জানিয়েছেন।

গোলাম মুজতবা ধ্রুব

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2016, 05:12 PM

Updated : 11 Oct 2022, 09:26 PM

পুরনো খবর:

রংপুরের দুই মেডিকেল ছাত্র নিখোঁজ
চার তরুণকে সর্বশেষ দেখা গেছে ‘বনানীর এক রেস্তোরাঁয়’

রোববার সকালে রংপুরের বাড়িতে ফেরেন পাবনা মেডিকেলের তৃতীয় বর্ষের ছাত্র জাকির হোসেন। পাবনা মেডিকেল কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক তিনি।

জাকিরের বাড়ি রংপুরের কাউনিয়ায়। তিনি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোহাম্মদ সুরুজ্জামানের ছেলে।

বছরের মাঝামাঝিতে গুলশান ও শো্লাকিয়ায় জঙ্গি হামলায় ঘরছাড়া তরুণ-যুবকদের জড়িত থাকার তথ‌্য প্রকাশের পর বিভিন্ন স্থান থেকে নিখোঁজের খবর আসছিল।

বেশ কয়েক মাস বিরতি দিয়ে সম্প্রতি যে কয়েকজন তরুণ নিখোঁজ বলে গণমাধ‌্যমে খবর আসে, তার মধ‌্যে পাবনা মেডিকেলের ছাত্রলীগ নেতা জাকিরের নামও ওঠে।

জাকিরের বড় ভাই জাহাঙ্গীর আলম রোববার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মোটর বাইক কিনে না দেওয়ায় রাগ করে জাকির বাসা ছেড়ে ঢাকার এক আত্নীয়ের বাসায় বেড়াতে গিয়েছিল। আজ সকালে তাকে রংপুরে ফিরিয়ে আনা হয়েছে।”

রংপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জাকির অভিমান করে বাড়ি ছেড়ে চলে গিয়েছিল। আজ সকালে জাকির বাড়িতে ফিরে আসে।”

গত ১ ডিসেম্বর সকালে রংপুরের কাউনিয়া উপজেলার বাড়ি থেকে ট্রেনে করে ক্যাম্পাসে ফেরার পথে জাকির নিখোঁজ হন বলে পাবনা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ থানায় জিডি করেছিল।

নিখোঁজ তরুণদের জঙ্গিবাদে জড়িয়ে পড়ার প্রবণতা ঠেকাতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে শিক্ষার্থীদের খবর রাখার তাগিদ দিয়েছিল সরকার।

গত ৪ ডিসেম্বরে ছেলের সন্ধান চেয়ে কাউনিয়া থানায়ও একটি জিডি করেন জাকিরের বাবা সুরুজ্জামানও। তাতে তিনি বলেছিলেন, গত ২৪ নভেম্বর বাড়িতে এসেছিলেন জাকির। ১ ডিসেম্বর লালমনি এক্সপ্রেসে পাবনা রওনা হওয়ার পর থেকে তার সন্তান যোগাযোগ বিচ্ছিন্ন।

জাকিরের এক সহপাঠী রংপুর নগরীর শালবন মিস্ত্রিপাড়ার সরকারি কর্মচারী নুরুল আলম সরকারের ছেলে তানভীর আহমেদ তনয়ও নিখোঁজ। জাকির ফিরলেও তার সন্ধান এখনও মেলেনি।

গত ৩০ নভেম্বর সন্ধ্যায় মেডিকেল কলেজ ক্যাম্পাস থেকে তনয় নিখোঁজ হন বলে পাবনা সদর থানায় জিডি করে কলেজ কর্তৃপক্ষ।

পাবনা মেডিকেল কলেজের অধ্যক্ষ রিয়াজুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জাকির ও তনয় ক্যাম্পাসে ছাত্রাবাসে পাশাপাশি কক্ষে থাকত।”

পাবনা মেডিকেল কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৌরভ হাসান বলেন, “জাকির ও তনয় ঘনিষ্ঠ বন্ধু।”

তনয় তাবলিগ জামাতে যুক্ত বলে জানান সৌরভ।

Image
তানভীর আহমেদ তনয়

তানভীর আহমেদ তনয়

তনয়ের বাবা নুরুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ৬ অক্টোবর বাড়িতে এসেছিল তনয়। দুদিন পর পাবনায় চলে যায়।

“৩০ নভেম্বর তার নিখোঁজের সংবাদ পেয়ে ছুটে যাই। আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন দপ্তরে অভিযোগ করেও ছেলের সন্ধান পাচ্ছি না।”

তনয়ের সন্ধান পাওয়া গেছে জানিয়ে তার বাবা নুরুল আলমকে গত ৮ ডিসেম্বর একটি মোবাইল নম্বর থেকে ফোন করা হয়েছিল। এক লাখ টাকা দিলে তনয় মুক্তি পাবে জানানোর পর সে টাকাও দেন বলে জানান নুরুল আলম। তবে ছেলের সন্ধান পাননি।  

নিখোঁজ আরও

গত ১ ডিসেম্বর রাজধানীর বনানী এলাকা থেকে এক সঙ্গে চার তরুণ নিখোঁজ হন। তাদের দুজন নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাফায়েত হোসেন, জায়েন হোসেন খান পাভেল। অন‌্য দুজন হরেণ বরিশালের বিএম কলেজের শিক্ষার্থী মেহেদী হাওলাদার ও বনানী একটি তথ্য প্রযুক্তি প্রতিষ্ঠানের কর্মচারী মো.সুজন।

এদিকে গত ৫ ডিসেম্বর বনানী থেকে নিখোঁজ সাঈদ আনোয়ার খান নামের এক কিশোরকে একটি মাইক্রোবাস বাড়িতে নামিয়ে দিয়ে গেছে বলে কয়েকটি গণমাধ্যমে খবর আসে।

তার বাবা আনোয়ার সাদত খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমার ছেলে বাড়ি আসেনি। যারা সংবাদটি করেছে, তারা সঠিক তথ্য নিয়ে সংবাদটি করেননি।”

গত ৩০ নভেম্বর ক্যান্টনমেন্ট এলাকার মাটিকাটার বাসা থেকে বেরিয়ে আর ফিরে আসেনি ইমরান ফরহাদ নামে মোহাম্মদপুরের কেয়ার মেডিকেল কলেজের এক শিক্ষার্থী।

একইদিন থেকে বরিশালের আগৈলঝাড়া বাসা থেকে অভিমান করে বেরিয়ে যাওযা নিয়ামত নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হন। তার বাবা খোরশেদ বেপারী বাদী হয়ে ৩ ডিসেম্বর একটি সাধারণ ডায়েরি করলে ৯ ডিসেম্বর নিয়ামত বাড়ি ফেরেন।