রংপুরের দুই মেডিকেল ছাত্র নিখোঁজ
পাবনা মেডিকেল কলেজের দুই ছাত্র নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে, যাদের বাড়ি রংপুরে।
এরা হলেন রংপুরের কাউনিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোহাম্মদ সুরুজ্জামানের ছেলে পাবনা মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক তৃতীয় বর্ষের ছাত্র জাকির হোসেন ও তার সহপাঠী রংপুর নগরীর শালবন মিস্ত্রিপাড়ার সরকারি কর্মচারী নুরুল আলম সরকারের ছেলে তানভীর আহমেদ তনয়।
গত ১ ডিসেম্বর সকালে রংপুরের কাউনিয়া উপজেলার বাড়ি থেকে ট্রেনে করে ক্যাম্পাসে ফেরার পথে জাকির এবং গত ৩০ নভেম্বর সন্ধ্যায় মেডিকেল কলেজ ক্যাম্পাস থেকে তনয় নিখোঁজ হন জানিয়ে পাবনা সদর থানায় সাধারণ ডায়েরি করেছে কলেজ কর্তৃপক্ষ।
তাছাড়া গত ৪ ডিসেম্বরে ছেলের সন্ধান চেয়ে কাউনিয়া থানায়ও একটি সাধারণ ডায়েরি করেছেন জাকিরের বাবা মোহাম্মদ সুরুজ্জামান।
জিডির বরাত দিয়ে কাউনিয়া থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান, গত ২৪ নভেম্বর বাড়িতে আসেন জাকির। পরে গত ১ ডিসেম্বর বেলা সাড়ে ১১টায় জাকির কাউনিয়া রেলওয়ে স্টেশন থেকে আন্তঃনগর ট্রেন লালমনি এক্সপ্রেসে করে ক্যাম্পাসে রওনা দেন। গাইবান্ধায় পৌঁছার পর মোবাইল ফোনে পরিবারের সঙ্গে তার শেষ কথা হয়।
“এরপর থেকে এখন পর্যন্ত তার মোবাইল বন্ধ রয়েছে এবং ক্যাম্পাসেও ফেরেননি বলে অভিযোগ করেছে তার পরিবার।”
সুরুজ্জামান বলেন, “থানায় জিডি করার পর ছেলের সন্ধান চেয়ে ৫ ডিসেম্বর র্যাব-১৩ রংপুরে লিখিত অভিযোগ করেছি। পুলিশ-র্যাব কেউ সন্ধান দিতে পারছে না।”
পাবনা মেডিকেল কলেজের অধ্যক্ষ রিয়াজুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জাকির ও তনয় ক্যাম্পাসে বয়েজ ছাত্রাবাসের পাশাপাশি কক্ষে থাকত। গত ৩০ নভেম্বর ক্যাম্পাস থেকে নিখোঁজ হয় তনয়।
“সন্ধান চেয়ে জিডি করা হলেও তাদের সন্ধান মিলছে না। দুই ছাত্র নিখোঁজের বিষয়টি আমাদের সকলের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।”
পাবনা মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৌরভ হাসান বলেন, “জাকির আমাদের সংগঠনের সাংগঠনিক সম্পাদক। ভালো ছেলে। তনয় তার ঘনিষ্ঠ বন্ধু।”
তনয় তাবলিগ জামায়াতের সঙ্গে জড়িত জানিয়ে তিনি বলেন, “তাদের নিখোঁজের কারণ বুঝতে পারছি না।”
নুরুল আলম সরকার বলেন, “গত ৬ অক্টোবর ছোট বোনের মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার আগের দিন বাড়িতে এসেছিল তনয়। দুদিন পর সে ফের পাবনায় চলে যায়।
“৩০ নভেম্বর তার নিখোঁজের সংবাদ পেয়ে ছুটে যাই। আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন দপ্তরে অভিযোগ করেও ছেলের সন্ধান পাচ্ছি না।”
