২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘নিজের গায়ে অকটেন ঢেলে আগুন’, যুবকের মৃত্যু

গাজীপুরে ‘নিজের গায়ে অকটেন ঢেলে আগুন দেওয়া’ এক যুবকের মৃত্যু হয়েছে বলে স্বজনরা জানিয়েছেন।  

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2016, 11:51 AM

Updated : 20 Aug 2022, 02:27 PM

মৃত কামাল হোসেন (২৫) গাজীপুর সিটি করপোরেশনের কাউলতিয়া এলাকার মো. সানোয়ার হোসেন সানুর ছেলে এবং গাজীরের মডেল ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির বিবিএর দ্বিতীয় বর্ষের ছাত্র।

বিষয়টি স্বজনরা নিশ্চিত করলেও পুলিশকে জানানো হয়নি।

কামালের বন্ধু রেসিডেন্সিয়াল কলেজের প্রভাষক মো. নাজমুল হাসান বলেন, শনিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের চিকিৎসকেরা কামালকে মৃত ঘোষণা করেন।

রাতেই তার দাফন সম্পন্ন হয় বলে জানান তিনি।

কামালের পরিবারের বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নাজমুল বলেন, প্রায় দুই বছর আগে বাবার কিনে দেওয়া একটি মোটরসাইকেল চালানো নিয়ে ছোট ভাই জামালের সঙ্গে প্রায়ই কামালের ঝগড়া বিবাদ হতো। 

“শুক্রবার রাতও এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হলে কামাল তার মোটরসাইকেল থেকে অকটেন বের করে একটি বোতলে নিয়ে নিজের শরীরে ঢেলে ম্যাচের কাঠি ধরান।”   

নাজমুল বলেন, এ সময় ম্যাচের আগুন কামালে শরীরে ছড়িয়ে পড়ে। পরে পরিবারের সদস্যরা তাকে গুরুতর অবস্থায় উদ্ধার হাসপাতালে নিয়ে যান।

এ বিষয়ে জয়দেবপুর থানার ওসি খন্দকার রেজাউল হাসান রেজা বলেন, বিষয়টি তার জানা নেই। এ ব্যাপারে কেউ অভিযোগ করেননি।