শামীম ওসমানের শাড়ি এখনও পরেননি আইভী
এ কে এম শামীম ওসমানের ‘দেওয়া শাড়ি পরা’ একটি ছবি ফেইসবুকে ঘুরলেও তা ঠিক নয় বলে জানিয়েছেন সেলিনা হায়াৎ আইভী।
নারায়ণগঞ্জের মেয়র প্রার্থী আইভী শনিবার বিকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, “শাড়ি পেয়েছি। এ জন্য তাকে (শামীম) ধন্যবাদ জানাই। তবে ওই শাড়ি এখনও পরা হয়নি।”
ভোটের প্রচারে এদিন দিনভর আইভীকে সবুজ ও বেগুনি রংয়ের একটি তাঁতের শাড়িতে দেখা গেছে।
তবে একটি ফেইসবুক একাউন্ট থেকে শামীম ওসমানের ‘দেওয়া শাড়ি পরা’ আইভীর একটি ছবি ছড়িয়ে পড়েছে; যাতে বলা হয়েছে, ‘বড় ভাইয়ের’ দেওয়া শাড়ি পরে প্রচারে নেমেছেন তিনি।
সেলিনা হায়াৎ আইভীর নামে খোলা একটি ফেইসবুক পাতায় দেওয়া হয়েছে এই ছবি
এরপর এ কে এম শামীম ওসমানের নামে খোলা একটি ফেইসবুক একাউন্ট থেকে স্ট্যাটাস দেওয়া হয়- “তুমি মনে রাখবা, সংসদ সদস্য হিসেবে সরাসরি প্রচারণায় অংশগ্রহণ করতে না পারলেও সর্বক্ষণ তোমার বড় ভাই ছায়ার মতো তোমার সঙ্গী হয়ে আছে...... এগিয়ে যাও….খেলা হবে।”
শামীম ওসমানের নামে খোলা একটি ফেইসবুক পাতায় উঠেছে এই কথা
নারায়ণগঞ্জে আওয়ামী লীগের এই দুই নেতার বিরোধ দীর্ঘদিনের। গতবার নির্বাচনে শামীমকে হারিয়ে আইভী বিজয়ী হওয়ার পর তাদের বির্তক কদর্যতায়ও রূপ নিয়েছিল।
এবার নির্বাচনে মেয়র পদে আইভীকে মনোনয়ন দিয়ে তার পক্ষে কাজ করতে শামীমকে কড়া নির্দেশ দেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।
এরপর শুক্রবার শামীম ওসমান সংবাদ সম্মেলন করে আইভীকে ছোট বোন সম্বোধন করে তার পক্ষে থাকার ঘোষণা দেন। সেইসঙ্গে নৌকা খচিত দুটি শাড়িও তাকে উপহার পাঠান।
নারায়ণগঞ্জ নগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রাতে আইভীর হাতে ওই শাড়ি তুলে দেন।
আনোয়ার গত নির্বাচনে আইভীর প্রধান সমন্বয়কারীর দায়িত্ব পালন করলেও এবার নিজেই প্রার্থী হতে চেয়েছিলেন। তাকে মেয়র প্রার্থী না করলেও জেলা পরিষদ নির্বাচনে প্রার্থী করেছে আওয়ামী লীগ।
